আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): সীমান্তঘেঁষা জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ২ নম্বর ধরঞ্জী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড থেকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে সদস্য (মেম্বার) পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন তৃণমূলের বিএনপি কর্মী ও অবসরপ্রাপ্ত বিডিআর সদস্য মো. আব্দুস সাত্তার।
ইতোমধ্যে তিনি ওয়ার্ডজুড়ে ব্যানার-পোস্টার টাঙিয়ে সাধারণ ভোটারদের দোয়া, সমর্থন, আশীর্বাদ ও সহযোগিতা কামনা করছেন। দীর্ঘদিন ধরে তিনি রাজনৈতিক সভা-সমাবেশ, মিছিল-মিটিংয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন। পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক, ধর্মীয় ও ক্রীড়া কার্যক্রমের আয়োজনেও যুক্ত রয়েছেন।
নির্বাচনকে সামনে রেখে পারিবারিক কাজের পাশাপাশি প্রতিদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এবং হাট-বাজারে কুশল বিনিময় করছেন তিনি।
আব্দুস সাত্তার বলেন, দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিএনপির রাজনীতি করার কারণে আমাকে একাধিক মামলার আসামি হতে হয়েছে এবং কারাবরণ করতে হয়েছে। অনেক দিন পরিবারের সদস্যদের সঙ্গে থাকতে পারিনি। একদিন গভীর রাতে যৌথ বাহিনী পরিবারের সদস্যদের সামনে থেকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর কয়েক দিন ধরে আমাকে শারীরিকভাবে চরম নির্যাতন করা হয়। দলের জন্য অনেক কষ্ট ও ত্যাগ স্বীকার করেছি।
তিনি আরও বলেন, দলের দুর্দিনে রাজপথের আন্দোলনে জীবন বাজি রেখে লড়াই করেছি। কিন্তু গ্রুপিংয়ের রাজনীতির কারণে দলের নেতাকর্মীদের কাছ থেকে এখনও যথাযথ মূল্যায়ন পাইনি। তবে আমি বিশ্বাস করি, দল আমাকে একজন ত্যাগী কর্মী হিসেবে অবশ্যই মূল্যায়ন করবে।
নির্বাচিত হলে কী করবেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি শুধু মেম্বার হতে চাই না, আমি ওয়ার্ডবাসীর সেবক হতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে এলাকার উন্নয়নে কাজ করব। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে মাদক ও জুয়া নির্মূলে কাজ করব। পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি এবং নারী-পুরুষ, ধনী-গরিব নির্বিশেষে সবার সমঅধিকার ও সুষম সেবা নিশ্চিত করতে কাজ করব।
এলাকার সাধারণ মানুষের মাঝে ইতোমধ্যে তাঁর নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। তিনি ওয়ার্ডবাসীর দোয়া, সমর্থন ও আশীর্বাদ কামনা করে বিভিন্ন স্থানে ব্যানার ও পোস্টার টাঙিয়েছেন।

