মানুষের জীবনের প্রতিটি মুহূর্ত আসলে ইবাদতের সুযোগ। আমরা যতই ব্যস্ত থাকি না কেন, একজন মুসলিমের জীবনে আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন হওয়ার কোনো অবকাশ নেই। কারণ জিকির মানে শুধু নামাজ বা দোয়ায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি শ্বাস-প্রশ্বাসে, প্রতিটি কাজে, প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর স্মরণকে জাগ্রত রাখা।
জিকির আমাদের হৃদয়কে প্রশান্ত করে, অহংকার কমায়, গোনাহ থেকে দূরে রাখে। যখন আমরা কর্মজীবনে, শিক্ষাজীবনে বা পারিবারিক জীবনে জিকিরকে সঙ্গী করি, তখন প্রতিটি কাজ ইবাদতের রূপ নেয়। রাসূল (সাঃ) বলেছেন, “তোমাদের জিহ্বা যেন সর্বদা আল্লাহর জিকিরে ভিজে থাকে।”
আজকের ব্যস্ত ও চঞ্চল সময়ে জিকির শুধু আধ্যাত্মিক প্রশান্তিই দেয় না, মানসিক চাপ ও দুশ্চিন্তাও কমায়। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যাওয়া পর্যন্ত—আল্লাহর নাম স্মরণ করা আমাদের জীবনকে পরিশুদ্ধ করে তোলে।
তাই একজন প্রকৃত মুসলিমের জন্য জিকির শুধু ইবাদত নয়, বরং জীবনের সাথে মিশে থাকা এক অবিচ্ছেদ্য সঙ্গী। চলতে-ফিরতে, কাজের ফাঁকে, গাড়িতে, এমনকি নিঃসঙ্গ মুহূর্তেও আল্লাহর নাম উচ্চারণ করা মানেই জীবনের প্রতিটি পদক্ষেপকে বরকতময় করা।
-মো. শাহাদাত হোসেন, দোহার, ঢাকা।

