সর্বশেষ :
19 Oct 2026, Mon

মানিকগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতন ও বহিষ্কারের অভিযোগ

মানিকগঞ্জে মাদরাসা পরিচালকের বিরুদ্ধে শিক্ষার্থীকে নির্যাতন ও বহিষ্কারের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি (মানিকগঞ্জ): মানিকগঞ্জে তাহফিজুল কুরআনিল কারিম মাদরাসার পরিচালক ক্বারী মুরাদ হোসাইনের বিরুদ্ধে ৭ বছরের এক শিক্ষার্থীকে মারধর, মানসিক নির্যাতন ও বহিষ্কারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর মা মোসাম্মৎ রিনা আক্তার জেলা প্রশাসক, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং সদর থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

মানিকগঞ্জ সদর থানা রোডের গঙ্গাধরপট্টি এলাকায় অবস্থিত মাদরাসাটি জেলার অন্যতম ব্যয়বহুল প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। অভিযোগে বলা হয়, রিনা আক্তারের ছেলে তাহির মাহমুদ (৭) প্রথম শ্রেণির শিক্ষার্থী। অসুস্থ থাকার পরও ২৪ আগস্ট মাদরাসায় গেলে জানতে পারে, নৌকা-বাইচ দেখতে যাওয়া শিক্ষার্থীদের পাশাপাশি অনুপস্থিতদেরও মারধর করা হয়েছে। পরদিন ২৫ আগস্ট পরিচালক ক্বারী মুরাদ তাহিরকে অফিসকক্ষে ডেকে মারধর করেন, যদিও সে অসুস্থ থাকায় ওইদিন কোথাও যায়নি। বিষয়টি জানতে চাইলে পরিচালক রিনা আক্তারকেও অফিসে ডেকে সবার সামনে অপমান করেন। এরপর মাদরাসার নোটিশ বোর্ডে মা-ছেলের নাম উল্লেখ করে বহিষ্কারের ঘোষণা টানানো হয়।

রিনা আক্তারের অভিযোগ, ভর্তি ও অন্যান্য খাতে তিনি উল্লেখযোগ্য অর্থ প্রদান করেছেন। মাঝপথে বহিষ্কারের ফলে সন্তানের পড়াশোনা ব্যাহত হচ্ছে এবং মানসিকভাবেও সে ভেঙে পড়েছে।

অভিযোগ প্রসঙ্গে মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মুরাদ হোসাইন জানান, শিক্ষার্থী তাহির নিয়মিত ক্লাসে আসে না, সহপাঠীদের গলা টিপে ধরে এবং বাথরুমে ছিটকারি লাগিয়ে দেয়। এসব আচরণের কারণে ব্যবস্থা নেওয়া হয়েছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমানউল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

PDF

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *