সর্বশেষ :
19 Oct 2026, Mon

‎মিথ্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও অত্যাচারমুক্ত সমাজ চাই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

‎মিথ্যা মামলা, চাঁদাবাজি, সন্ত্রাস, জুলুম ও অত্যাচারমুক্ত সমাজ চাই: অধ্যক্ষ ইজ্জত উল্লাহ

শফিকুল ইসলাম, তালা (সাতক্ষীরা): মিথ্যা মামলা থাকবে না, চাঁদাবাজি থাকবে না, সন্ত্রাসী থাকবে না- জুলুম-অত্যাচারমুক্ত, শান্তি ও সমৃদ্ধির সমাজ আমরা সকলে চাই। সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ এসব কথা বলেন।

মঙ্গলবার (০৩ মার্চ) তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে তালা উপজেলা জামায়াতের উদ্যোগে সাংবাদিকদের সম্মানে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সাংবাদিক, জনপ্রতিনিধি ও প্রশাসন- সবাই মিলে যেখানে অন্যায়, অত্যাচার, জুলুম, অবিচার ও নির্যাতন হবে, সেখানে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব, ইনশাআল্লাহ। সাংবাদিকদের প্রতি দাবি রেখে তিনি বলেন, সমাজে যেখানে অসঙ্গতি, মানুষ নির্যাতনের শিকার কিংবা জুলুমের শিকার- সেসব খবর আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।

তিনি আরও বলেন, উপজেলার প্রত্যন্ত অঞ্চলের খবরাখবর, যেখানে প্রশাসনের পক্ষ থেকে হয়রানি হচ্ছে কিংবা সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের মাধ্যমে সাধারণ খেটে-খাওয়া মানুষ হয়রানির শিকার হলে, সেগুলো আপনারা আমাদের সামনে তুলে ধরবেন।

অধ্যক্ষ ইজ্জত উল্লাহ বলেন, আমি প্রশাসনকে বলেছি- সমাজে কারও বিরুদ্ধে অহেতুক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করবেন না। একই সঙ্গে আপনাদের প্রতিও আমার দাবি, আপনারাও অহেতুক কাউকে হয়রানি করার মানসে মিথ্যা সংবাদ পরিবেশন করবেন না। কারণ সাংবাদিক সমাজের দর্পণ। আমরা আপনাদের কাছ থেকে সবসময় সত্য ঘটনা তুলে ধরার আহ্বান জানাই।

তিনি আরও বলেন, সাংবাদিকদের লেখনী হতে হবে মানবকল্যাণের জন্য। আপনাদের উচিত হবে সঠিক তথ্য তুলে ধরা। আপনারা আমার বিরুদ্ধেও লিখতে পারবেন, যাতে আমি সংশোধিত হতে পারি। তবে আমার বক্তব্যটিও নেবেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর তালা উপজেলা আমীর মাও. মফিদুল্লার সভাপতিত্বে এবং পাটকেলঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক সরদার ইয়াছিনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতের নায়েবে আমীর ডা. মাহমুদুল হক। এছাড়া বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, তালা উপজেলা জামায়াতের সাবেক আমীর ডা. আফতাব উদ্দীন, জামায়াতের তালা উপজেলা সেক্রেটারি অধ্যা. ইদ্রিস আলী, তালা প্রেসক্লাবের সভাপতি এম এ হাকিম, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যা. গোলাম ফারুক প্রমুখ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *