ঢাকা: দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও সামাজিক অপরাধ দমনের ধারাবাহিক প্রক্রিয়ার অংশ হিসেবে রাজধানীর মিটফোর্ড এলাকায় ভেজাল ও নকল ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে তিন ব্যবসায়ীকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং বিপুল পরিমাণ নকল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ জব্দ করা হয়েছে।
সোমবার (১০ নভেম্বর) র্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান, সিনিয়র সহকারী সচিব, র্যাব ফোর্সেস সদর দপ্তর এর নেতৃত্বে র্যাব-১০ এর সহযোগিতায় ডিএমপি, ঢাকার কোতয়ালী থানাধীন মিটফোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
অভিযানকালে বিএসটিআই অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ, নকল ও ভেজাল ওষুধ বিক্রয়ের প্রমাণ পাওয়া যায়। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়-
-
বিশ্বজিৎ: ৫০,০০০ টাকা জরিমানা
-
আবুল কাশেম: ৩০,০০০ টাকা জরিমানা
-
কিশোর: ১০,০০০ টাকা জরিমানা
এছাড়া, অভিযানকালে বিপুল পরিমাণ নকল ও ভেজাল ওষুধ সামগ্রী জব্দ করা হয়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, দণ্ডপ্রাপ্ত ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য নিয়ে ছিনিমিনি খেলছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
এ প্রসঙ্গে র্যাব-১০ এর পক্ষ থেকে সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার ব্যবসায়ীদের উদ্দেশ্যে জনসচেতনতামূলক বক্তব্য প্রদান করেন। তিনি নকল ব্যবসায়ীদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় তথ্য দিয়ে র্যাবকে সহায়তা করতে সাধারণ জনগণকে আহ্বান জানান।
র্যাব-১০ জানিয়েছে, এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে ভবিষ্যতেও তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে ভেজাল ও প্রতারণামূলক কার্যক্রমের বিরুদ্ধে র্যাব ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে কঠোর ব্যবস্থা গ্রহণ করবে।

