মানিকগঞ্জ: মানিকগঞ্জের ঘিওর উপজেলায় একটি নকল সাবান তৈরির কারখানায় অভিযান চালিয়ে কারখানার মালিককে ১৫ দিনের কারাদণ্ড এবং ২ লাখ টাকা জরিমানা করেছে র্যাব-৪। এ সময় বিপুল পরিমাণ নকল সাবান ও কাঁচামাল জব্দ করে ধ্বংস করা হয়। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে ঘিওর উপজেলার বানিয়াজুরী ইউনিয়নের রাথুরা এলাকায় র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসানের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, গ্রীন ফুড এন্ড বেভারেজ নামের প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মোনায়েম আহমেদ তাঁর বসতবাড়ির ভেতরে গোপনে ডেটল, ডাবসহ বিভিন্ন নামিদামি ব্র্যান্ডের নকল সাবান তৈরি করছিলেন। এসব নকল পণ্য দিয়ে তিনি সাধারণ মানুষকে প্রতারিত করছিলেন।
অভিযান শেষে র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু হাসান সাংবাদিকদের বলেন, এটি একটি নকল কারখানা। তারা বিভিন্ন নামিদামি কোম্পানির ব্র্যান্ড ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করছিল। আমরা কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে সিলগালা করে দিয়েছি।
এদিকে, বানিয়াজুরী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস আর আনসারী বিল্টু জানান, তারা এই নকল কারখানার বিষয়ে আগে কিছু জানতেন না। কারখানাটি অত্যন্ত গোপনে পরিচালিত হচ্ছিল।

