ঢাকা: মালয়েশিয়ায় ভালো কাজের প্রলোভন দেখিয়ে নারীদের পাচার এবং সেখানে নিয়ে জোরপূর্বক দেহব্যবসায় বাধ্য করার অভিযোগে সংঘবদ্ধ মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. আনোয়ার হোসেন (৫৬)’কে গ্রেফতার করেছে র্যাব-১০। গতকাল ১১ জানুয়ারি রোববার তারিখ বিকেলে ঢাকা জেলার কেরাণীগঞ্জ মডেল থানাধীন চুনকুটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের মার্চ মাসে আনোয়ার হোসেন ও তার সহযোগীরা আর্থিক সচ্ছলতার প্রলোভন দেখিয়ে জনৈক এক ভিকটিমকে মালয়েশিয়ায় পাচার করেন। সেখানে পৌঁছানোর পর আনোয়ার তাকে অনৈতিক কাজে লিপ্ত হওয়ার প্রস্তাব দেন। ভিকটিম রাজি না হলে আনোয়ার তাকে জানান যে, বাংলাদেশে অবস্থানরত শাহিন নামক এক ব্যক্তির কাছ থেকে তাকে ১ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে ‘ক্রয়’ করা হয়েছে। পরবর্তীতে ভিকটিম কৌশলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন।
দুর্ভাগ্যবশত, ২০২৩ সালের এপ্রিলে চক্রটি পুনরায় একই ভিকটিমকে প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে যায়। সেখানে গিয়ে ভিকটিম জানতে পারেন, আনোয়ার হোসেনের নেতৃত্বে একটি বড় চক্র মালয়েশিয়ার কাজাং এলাকায় বাসা ভাড়া নিয়ে বাংলাদেশ থেকে পাচার করা নারীদের আটকে রেখে জোরপূর্বক অসামাজিক কার্যকলাপে বাধ্য করছে।
ভুক্তভোগী নারী দেশে ফিরে ডিএমপির বিমানবন্দর থানায় ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা (নং- ২৪, তারিখ- ১৫/০৫/২০২৫) দায়ের করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা আসামিদের গ্রেফতারের জন্য র্যাব-১০ এর কাছে একটি অধিযাচন পত্র পাঠান।
এরই ধারাবাহিকতায়, গোপন সংবাদ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল চুনকুটিয়া এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে। আনোয়ার হোসেন দক্ষিণ কেরাণীগঞ্জের চুনকুটিয়া আর্টিপাড়া এলাকার আলী আকবর শেখের ছেলে।
র্যাব জানায়, গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনি প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

