সর্বশেষ :
19 Oct 2026, Mon

মানবতার টানে শীতের রাতে রাস্তায় ‘চৈতাবাতর যুব সমাজ’: কম্বল হাতে অসহায়দের পাশে

মানবতার টানে শীতের রাতে রাস্তায় ‘চৈতাবাতর যুব সমাজ’: কম্বল হাতে অসহায়দের পাশে

শাহাদাত হোসেন: তীব্র শীতে যখন জনজীবন বিপর্যস্ত, তখন খোলা আকাশের নিচে বসবাসরত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের সামাজিক ও মানবিক সংগঠন ‘চৈতাবাতর যুব সমাজ’। কনকনে ঠান্ডায় এক টুকরো উষ্ণতা পৌঁছে দিতে রাতের আঁধারে রাস্তায় রাস্তায় ঘুরে অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছেন সংগঠনের একদল তরুণ।

সংগঠনের সদস্যরা জানান, হাড়কাঁপানো শীত উপেক্ষা করে তারা প্রতি রাতেই বেরিয়ে পড়ছেন দোহারের বিভিন্ন রাস্তা, ঘাট, বাজার ও দোকানের সামনে। সেখানে যারা আশ্রয়হীন অবস্থায় পড়ে আছেন, তাদের খুঁজে বের করে পরম মমতায় গায়ে জড়িয়ে দিচ্ছেন শীতবস্ত্র।

উদ্যোক্তাদের মতে, একটি কম্বল হয়তো জীবনের সব কষ্ট দূর করতে পারে না, কিন্তু এই হাড়কাঁপানো শীতে অসহায় মানুষগুলোর গায়ে একটু উষ্ণতা আর মনে কিছুটা স্বস্তি পৌঁছে দিতে পারলেই এই উদ্যোগ সার্থক। মানবতার আহ্বানে সাড়া দিয়ে মানুষের জন্য কিছু করতে পারাই তাদের মূল লক্ষ্য।

চৈতাবাতর যুব সমাজের সদস্যরা বলেন, আমরা চাই সমাজের সর্বস্তরের মানুষের মানসিকতায় পরিবর্তন আসুক। অবহেলিত ও দুস্থ মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানোর সংস্কৃতি গড়ে উঠুক। আমরা কেবল আমাদের দায়িত্ব পালন করছি এবং সবসময় এভাবেই মানুষের পাশে থাকতে চাই।

সংগঠনটির এমন মানবিক কর্মকাণ্ড দোহারের সাধারণ মানুষের মাঝে ব্যাপক প্রশংসিত হচ্ছে। তারা মনে করেন, তরুণ সমাজের এমন ইতিবাচক পদক্ষপই পারে একটি সুন্দর ও মানবিক সমাজ গড়তে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *