সর্বশেষ :
19 Oct 2026, Mon

কিশোরগঞ্জ-৬: কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এখনও ৭ প্রার্থী মাঠে

কিশোরগঞ্জ-৬: কেন্দ্রীয় বিএনপি নেতা শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় এখনও ৭ প্রার্থী মাঠে

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ) : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে হেভিওয়েট ও প্রবীণ নেতা বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে বিভিন্ন রাজনৈতিক দলের ৭ জন প্রার্থী এখনও মাঠে রয়েছেন।

গত ৩ জানুয়ারি শনিবার কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এ আসনে দাখিলকৃত ১২ জন প্রার্থীর মধ্যে তথ্যের গড়মিলসহ বিভিন্ন অসঙ্গতির কারণে চারজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়।

বাতিল হওয়া প্রার্থীরা হলেন, জাতীয় পার্টি মনোনীত মোহাম্মদ আয়ূব হুসেন (লাঙ্গল), বার্ষিক আয়-ব্যয়ের হিসাব বিবরণীতে তথ্য না দেওয়ায়; বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) মনোনীত কুলিয়ারচর উপজেলা কমিটির সভাপতি ডা. মোহাম্মদ হাবিল মিয়া (কাস্তে), সম্ভাব্য আয়, সম্পদ ও দায় সংক্রান্ত তথ্য অসম্পূর্ণ থাকায়; ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মনোনীত মো. নজরুল ইসলাম (শাপলা কলি), সম্পদ ও দায়ের তথ্য পূরণ না করায়; এবং স্বতন্ত্র প্রার্থী ও ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) কিশোরগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা শরিফুল হক জয়- সমর্থকদের ১ শতাংশ ভোটারের তথ্য সঠিক না থাকায়।

এ সময় যাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয় তারা হলেন, বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী মো. শরীফুল আলম; ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ ভৈরব উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ মুছা খান (হাতপাখা); বৃহত্তর সুন্নি জোট সমর্থিত বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত প্রার্থী, আহলে সুন্নাত ওয়াল জামাআত কেন্দ্রীয় পরিষদের নির্বাহী সদস্য ও বাংলাদেশ ইসলামী ফ্রন্ট কিশোরগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মো. রুবেল হোসেন (মোমবাতি); বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী, সংগঠনের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলাম বাংলাদেশের সহকারী মহাসচিব আতাউল্লাহ আমীন (রিকশা); খেলাফত মজলিস মনোনীত প্রার্থী ও ভৈরব উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম (দেয়াল ঘড়ি); ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ মনোনীত প্রার্থী নাঈমুল হাসান (আপেল); এবং গণফোরাম মনোনীত প্রার্থী শাফি উদ্দিন আহাম্মদ (উদীয়মান সূর্য)।

৮ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণার পর থেকেই তারা বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুল আলমের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে মাঠে রয়েছেন।

অন্যদিকে মনোনয়নপত্র বাতিল হওয়া চার প্রার্থী হাল ছাড়তে রাজি নন। তারা প্রার্থিতা বাতিলের ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে আপিলসহ আইনি পদক্ষেপ গ্রহণ এবং প্রতিকারের শেষ চেষ্টা চালিয়ে যাবেন বলে গণমাধ্যমকে জানিয়েছেন।

জানা যায়, গত ২৯ ডিসেম্বর সোমবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন বিকেল ৫টা পর্যন্ত এ আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য বিভিন্ন রাজনৈতিক দলের ১২ জন প্রার্থী কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মোহাম্মদ আসলাম মোল্লা, কুলিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মো. ইয়াসিন খন্দকার এবং ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার কে. এম. মামুনুর রশীদের কাছে পৃথকভাবে মনোনয়নপত্র দাখিল করেন।

অপরদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্দেশনায় ভৈরব উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কবির হোসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী আতাউল্লাহ আমীনকে রিকশা প্রতীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *