আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): মাদকের কালো থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সেলিম আহমেদ বিভিন্ন মাদক স্পটে মাদকবিরোধী সাঁড়াশি অভিযান চালান। শনিবার বিকেলে পাঁচবিবি রেললাইনের ধারে গড়ে ওঠা বস্তিগুলোতে তিনি এ অভিযান পরিচালনা করেন।
অভিযানকালে তিনি সবার উদ্দেশ্যে বলেন, আপনারা যারা এ ব্যবসার সঙ্গে জড়িত আছেন, তারা দ্রুত এ পথ থেকে সরে দাঁড়ান। একই সঙ্গে যারা মাদক গ্রহণ করে নিজেদের ভবিষ্যৎ জীবনকে অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছেন, তাদেরও মাদক সেবন থেকে দূরে থাকার আহ্বান জানান।
তিনি বলেন, মাদক সমাজ, সংসার ও দেশের শত্রু; একই সঙ্গে এটি অশান্তির সৃষ্টি করে। তাই আমাদের সবাইকে সচেতন হতে হবে।
মাদকবিরোধী অভিযানকালে উপস্থিত সবার উদ্দেশ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও বলেন, সমাজ থেকে মাদক নির্মূল করা আইনশৃঙ্খলা বাহিনীর একার পক্ষে সম্ভব নয়। এ কাজে সমাজের সবাইকে এগিয়ে আসতে হবে।
অভিযান পরিচালনাকালে পাঁচবিবি থানা পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সার্বিক সহযোগিতা করে। উপজেলা নির্বাহী কর্মকর্তার এমন মহতী উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন।

