সর্বশেষ :
19 Oct 2026, Mon

মসজিদের নির্মাণসামগ্রী আত্মসাতের অভিযোগ

মসজিদের নির্মাণসামগ্রী আত্মসাতের অভিযোগ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা): গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌরসভার বোয়ালিয়া (নয়াবাড়ী) জামে মসজিদের নির্মাণসামগ্রী আত্মসাতের অভিযোগ উঠেছে। অভিযোগ সূত্রে জানা যায়, বোয়ালিয়া (নয়াবাড়ী) জামে মসজিদের দীর্ঘদিনের সভাপতি মো. আবুল কাসেম প্রায় ২৫ বছর ধরে মসজিদ পরিচালনার দায়িত্বে ছিলেন। তাঁর অভিযোগ, সাবেক সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলাম বিগত সময়ে মসজিদের অর্থ ও সম্পদ ব্যবস্থাপনায় নানা অনিয়ম করেছেন।

২০২৪ সালের ডিসেম্বরে মসজিদের উন্নয়নের লক্ষ্যে একটি ধর্মসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় স্থানীয় মুসল্লি ও দাতারা নগদ অর্থের পাশাপাশি ইট, সিমেন্ট ও রড দান করেন। পরবর্তীতে মসজিদের জন্য দানকৃত প্রায় এক হাজার ইট ও ৪৫ বস্তা সিমেন্ট গোপনে সরিয়ে বিক্রি করা হয়েছে বলে দাবি করেছেন মুসল্লিরা।

সম্প্রতি এলাকাবাসীর উদ্যোগে নতুন মসজিদ কমিটি গঠন করা হলে পূর্বের কমিটির কয়েকজন সদস্যকে বাদ দেওয়া হয়। এর জের ধরে গত ৫ জুন সকালে মসজিদের ভেতর থেকে ১৬ মিলিমিটার রডের একটি বান্ডিল সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে সাবেক সাধারণ সম্পাদক আশরাফুলের বিরুদ্ধে।

রডের বান্ডিলটি মসজিদ থেকে সরিয়ে নেওয়ার সময় স্থানীয় মুসল্লিরা এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্তদের একজন দাবি করেন, সাবেক সাধারণ সম্পাদকের নির্দেশেই রডের বান্ডিলটি নেওয়া হয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত আশরাফুল বলেন, রড, সিমেন্ট ও ইট মসজিদ থেকে সরানোর বিষয়ে আমি কিছু জানি না।

স্থানীয় সচেতন মহল মনে করছে, ধর্মীয় প্রতিষ্ঠানের সম্পদ ও ব্যবস্থাপনা নিয়ে সৃষ্ট বিরোধ দ্রুত সমাধান না হলে সামাজিক সম্প্রীতি ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তারা বিষয়টির নিরপেক্ষ তদন্তের মাধ্যমে নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *