সর্বশেষ :
19 Oct 2026, Mon

মসজিদের জমিতে দোকান তুলে ভাড়া খাচ্ছেন আওয়ামী লীগ নেতার ভাই

মসজিদের জমিতে দোকান তুলে ভাড়া খাচ্ছেন আওয়ামী লীগ নেতার ভাই

লামা (বান্দরবান): বান্দরবানের লামা উপজেলার রূপসীপাড়া বাজার জামে মসজিদের মালিকানাধীন জায়গা জোরপূর্বক দখল করে দোকানঘর নির্মাণ ও ভাড়া আদায়ের অভিযোগ উঠেছে স্থানীয় মো. আবেদ আলীর বিরুদ্ধে। রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে এই দখলদারিত্ব চলছে বলে দাবি করেছে মসজিদ কর্তৃপক্ষ।

এ ঘটনার প্রতিকার চেয়ে গত ২৯ এপ্রিল (বুধবার) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত আবেদন জানিয়েছেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি গোলজার হোসেন।

লিখিত অভিযোগ ও মসজিদ কমিটি সূত্রে জানা যায়, ২৯৪ নম্বর দরদরী মৌজার আর/১৫৯১ নম্বর হোল্ডিংয়ের ৩.৩৫ একর জমি রূপসীপাড়া বাজার জামে মসজিদ ও মাদ্রাসা কমিটির নামে রেকর্ডভুক্ত। ১৯৮১-৮২ সনের বন্দোবস্তি মোকদ্দমার মাধ্যমে প্রাপ্ত এই জমির নিয়মিত খাজনাও পরিশোধ করে আসছে মসজিদ কর্তৃপক্ষ।

মসজিদ কমিটির সভাপতি গোলজার হোসেন অভিযোগ করেন, বিবাদী মো. আবেদ আলী (পিতা-মৃত বাদশা মিয়া) স্থানীয় আওয়ামী লীগের সাবেক সভাপতি আবুল মেম্বারের সহোদর ভাই হওয়ায় দলীয় প্রভাব খাটিয়ে প্রায় ১০-১২ বছর আগে মসজিদের ১০ শতক জায়গা দখল করে নেন। সেখানে তিনি তিনটি দোকানঘর নির্মাণ করে একটিতে নিজে ব্যবসা করছেন এবং বাকি দুটি ভাড়া দিয়ে নিয়মিত টাকা আদায় করছেন।

সভাপতি আরও জানান, মসজিদের প্রয়োজনে জায়গাটি ছেড়ে দিতে বললে বিবাদী তা প্রত্যাখ্যান করেন। উল্টো মসজিদ কমিটিকে বিভিন্ন মামলা-হামলার ভয় দেখিয়ে হয়রানি করা হচ্ছে। এতে মসজিদের উন্নয়নকাজ বাধাগ্রস্ত হচ্ছে এবং এলাকায় বিশৃঙ্খলা তৈরির আশঙ্কা দেখা দিয়েছে।

তবে নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছেন মো. আবেদ আলী। তিনি দাবি করেন, যে জায়গায় দোকান নির্মাণ করা হয়েছে, সেটি তার ক্রয়কৃত জায়গা। তার কাছে জমির বৈধ দলিলপত্র রয়েছে।

লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মঈন উদ্দিন জানান, বিষয়টি তিনি জেনেছেন। উভয় পক্ষকে নোটিশ দেওয়া হবে এবং শুনানির মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির চেষ্টা করা হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *