সর্বশেষ :
19 Oct 2026, Mon

ঢাকায় নারীর নেতৃত্বের নতুন যুগ: প্রথম নারী ডিসির পর প্রথম নারী এসপি শামীমা পারভীন

প্রথম নারী ডিসি ফরিদা খানমের পর এবার প্রথম নারী এসপি শামীমা পারভীন

ঢাকা জেলার প্রশাসনে নারীর নেতৃত্বে নতুন ইতিহাস তৈরি হলো। সম্প্রতি ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে ফরিদা খানম নিয়োগ পাওয়ার পর এবার প্রথমবারের মতো নারী পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পেলেন শামীমা পারভীন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনে পুলিশ সদরদপ্তরে কর্মরত অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (এআইজি-শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) শামীমা পারভীনকে ঢাকা জেলার নতুন পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে। এর মাধ্যমে ঢাকা জেলার ইতিহাসে প্রথমবারের মতো একজন নারী এসপি দায়িত্ব গ্রহণ করলেন। একই প্রজ্ঞাপনে বিদায়ী এসপি মো. মিজানুর রহমানকে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-এ বদলি করা হয়েছে।

এর আগে ২২ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ফরিদা খানমকে ঢাকা জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ দেওয়া হয়। ফলে বর্তমানে ঢাকা জেলার ডিসি ও এসপি- দুই গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদেই নারীর নেতৃত্ব প্রতিষ্ঠিত হলো।

শামীমা পারভীনের জন্ম নড়াইল জেলায়। উচ্চশিক্ষার জন্য তিনি ভর্তি হন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়-এ, যেখানে তিনি পরিসংখ্যান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ক্রিমিনোলজিতে এমএসএস ডিগ্রি সম্পন্ন করেন। এছাড়া অস্ট্রেলিয়ার Macquarie University থেকে কাউন্টার টেরোরিজম এবং সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজে আরও দুটি মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।

ছাত্রজীবনে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এবং কেন্দ্রীয় ছাত্রদলের নেত্রী হিসেবে সক্রিয় ছিলেন।

পেশাগত জীবনে শামীমা পারভীন ২৫তম বিসিএসের মাধ্যমে ২০০৬ সালের ২১ আগস্ট সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। দীর্ঘ প্রায় ১৮ বছরের কর্মজীবনে তিনি দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

তার উল্লেখযোগ্য সাফল্যের মধ্যে রয়েছে হাইতিতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ১৩৯ সদস্যের নারী পুলিশ ইউনিটের কমান্ডার হিসেবে দায়িত্ব পালন। সেখানে তার নেতৃত্ব আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়। এছাড়া তিনি ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভিক্টিম সাপোর্ট সেন্টারে কর্মরত অবস্থায় নির্যাতিত নারী ও শিশুদের আইনি সহায়তা ও পুনর্বাসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

আন্তর্জাতিক পরিমণ্ডলেও তিনি ছিলেন সক্রিয়। ২২টি দেশের নারী পুলিশ সদস্যদের সমন্বয়ক এবং আন্তর্জাতিক নারী পুলিশ অ্যাসোসিয়েশনের দক্ষিণ এশীয় কো-অর্ডিনেটর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এসপি হিসেবে দায়িত্ব পাওয়ার আগে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে এআইজি (শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি) হিসেবে কর্মরত ছিলেন।

ব্যক্তিগত জীবনে শামীমা পারভীন জাতীয় সংসদের হুইপ ও খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুলের সহধর্মিণী।

দক্ষতা, অভিজ্ঞতা ও নেতৃত্বগুণের সমন্বয়ে শামীমা পারভীনের হাত ধরে ঢাকা জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী ও জনবান্ধব হবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা। একই সঙ্গে ফরিদা খানম ও শামীমা পারভীনের নিয়োগ ঢাকার প্রশাসনিক ইতিহাসে নারীর ক্ষমতায়নের এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *