মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ): গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনের সংসদ সদস্য মো. শরীফুল আলম তার নির্বাচনী এলাকা ভৈরবে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন।
১০ মার্চ মঙ্গলবার দুপুরে ভৈরব উপজেলার শিমুলকান্দি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তুলাকান্দি গ্রামের ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়। উদ্বোধনকালে প্রতিমন্ত্রী ১ হাজার ১০ জনের মধ্যে লিজা বেগম, সোনিয়া বেগম, রেহেনা বেগম, হেলেনা বেগম ও দিয়াসমিন বেগমের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন।
ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম এমপি সাংবাদিকদের বলেন, ভৈরবের একটি ওয়ার্ডে ১ হাজার ১০ জন দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তবে যারা বয়স্ক, বিধবা ও অন্যান্য ভাতা পাচ্ছেন এবং অর্থনৈতিকভাবে স্বচ্ছল—এমন কিছু মানুষ ছাড়া সবাইকে এই কার্ডের আওতায় আনা হবে। তাছাড়া কৃষক কার্ড, খাল খননসহ বিভিন্ন প্রকল্পের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। ভৈরব-কুলিয়ারচর আমার নির্বাচনী এলাকায় প্রায় ১ হাজার ৫০০ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন কর্মসূচির কাজ শিগগিরই শুরু হবে।
এ সময় তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী ওয়াদা ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন এবং কৃষি ঋণের ১০ হাজার টাকা সুদসহ মওকুফ করা। আমাদের দলের চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সরকার গঠনের ২১ দিনের মধ্যেই তা বাস্তবায়ন করেছেন। ইতোমধ্যে তিনি কৃষি ঋণের সুদসহ ১০ হাজার টাকা মওকুফ করেছেন। তাছাড়া বাংলাদেশের ১৪টি উপজেলায় পাইলট প্রকল্প হিসেবে ভৈরবে তার নির্বাচনী এলাকায় ফ্যামিলি কার্ড চালু করায় তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কে এম মামুনুর রশীদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আসলাম মোল্লা, পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন, কিশোরগঞ্জ জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি মো. রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি হাজী মো. শাহিন, সাধারণ সম্পাদক ভিপি মজিবুর রহমান এবং শিমুলকান্দি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. আল-আমিন প্রমুখ।
ফ্যামিলি কার্ড পেয়ে লিজা বেগম তার প্রতিক্রিয়ায় বলেন, আমার পরিবারে ৫ জন সদস্য নিয়ে খুব আর্থিক কষ্টে আছি। আজ কার্ডটি পেয়ে খুব আনন্দিত।” হাসিনা বেগম নামের এক গৃহিণী বলেন, “আমার মোবাইলে আজ সরকার থেকে ২ হাজার ৫০০ টাকা পেয়েছি। তিন সন্তান লেখাপড়া করে, তাদের খরচ ঠিকমতো দিতে পারতাম না। ফ্যামিলি কার্ডের এ টাকায় সন্তানদের খরচ মেটাতে পারব।” সুমী বেগম বলেন, “ফ্যামিলি কার্ড পেয়ে আজই টাকা পেয়েছি। তিনবেলা খাবার জোটে না। এখন কিছুটা অভাব দূর হবে।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে প্রধান অতিথি শরীফুল আলম ভৈরব উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেন এবং উপজেলা আইন-শৃঙ্খলা সভায় যোগ দেন। পরে তিনি তার নির্বাচনী এলাকা কুলিয়ারচর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। বিকেলে ভৈরব প্রেসক্লাবের উদ্যোগে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে যোগ দেন।

