কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রেদোয়ান ইসলামকে বহিষ্কার করা হয়েছে। জেন্ডার সংক্রান্ত তথ্য গোপনের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয়। রোববার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক (দায়িত্বপ্রাপ্ত) মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী জানান, পদ পাওয়ার আগে জীবনবৃত্তান্তে রেদোয়ান নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেছিলেন। তবে কমিটি ঘোষণার পর অভিযোগ ওঠে, তিনি লিঙ্গ পরিবর্তনের মাধ্যমে নারী হয়েছেন এবং বিষয়টি গোপন রেখেছেন। এ কারণে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়।
অভিযোগ অস্বীকার করে রেদোয়ান ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, তিনি ট্রান্সজেন্ডার নন, একজন পুরুষ এবং সংস্কৃতিকর্মী। কিছু কন্টেন্টের কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে তিনি দুঃখ প্রকাশ করেন এবং সেগুলো সরিয়ে নেওয়ার কথাও জানান।
রেদোয়ানের বাবা জাহাঙ্গীর আলম এ ঘটনাকে ‘গুজব’ বলে দাবি করেছেন। তিনি জানান, তার ছেলে শখের বশে কিছু টিকটক ভিডিও তৈরি করেছিল এবং ইতিমধ্যে সে ক্ষমা চেয়েছে। লিঙ্গ পরিবর্তনের অভিযোগ সঠিক নয়।
ঘটনাটি ঘিরে স্থানীয় রাজনৈতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ এটিকে ব্যক্তিগত স্বাধীনতার বিষয় হিসেবে দেখছেন, আবার কেউ তথ্য গোপন করাকেই মূল সমস্যা হিসেবে চিহ্নিত করছেন।

