আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের বেরিলিতে চলন্ত ট্রেন থেকে এক মসজিদের ইমাম মাওলানা তৌসিফ রেজাকে ধাক্কা দিয়ে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। গত ২৭ এপ্রিল (সোমবার) এ ঘটনা ঘটলেও সম্প্রতি একটি অডিও ক্লিপ প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে পুলিশ একে দুর্ঘটনা হিসেবে দেখানোর চেষ্টা করলেও পরিবারের দাবি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহত মাওলানা তৌসিফ রেজা বেরিলির একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কর্মরত ছিলেন। গত সোমবার ট্রেনে ভ্রমণের সময় তিনি নিখোঁজ হন। পরে রেললাইনের পাশ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। উত্তরপ্রদেশ পুলিশের প্রাথমিক দাবি ছিল, ভারসাম্য হারিয়ে লাগেজসহ ট্রেন থেকে পড়ে যাওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে।
শনিবার (২ মে) ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে জানা যায়, তৌসিফের পরিবার একটি অডিও রেকর্ড প্রকাশ করেছে। মৃত্যুর কিছুক্ষণ আগে ধারণ করা ওই অডিওতে শোনা যায়, তৌসিফ তার স্ত্রী তাবাসসুমকে ফোনে জানাচ্ছেন যে ট্রেনের ভেতরে কিছু লোক তাকে ক্রমাগত হেনস্তা করছে। তাকে মিথ্যা চুরির অভিযোগে শারীরিক ও মানসিক নির্যাতন করা হচ্ছিল।
অডিওতে আরও শোনা যায়, তৌসিফ পুলিশকে বিষয়টি জানাতে চাইলে তার স্ত্রী তাকে অন্য যাত্রীদের সাহায্য নিতে বলেন। কিন্তু কিছুক্ষণ পরই তার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
তৌসিফের পরিবারের অভিযোগ, তাকে চুরির মিথ্যা অপবাদ দিয়ে পরিকল্পিতভাবে নির্যাতনের পর ট্রেন থেকে ফেলে দেওয়া হয়েছে। পুলিশের ‘দুর্ঘটনা’ তত্ত্ব তারা মানতে নারাজ। আজ রবিবার (৩ মে) ওই অডিও ক্লিপটিকে প্রধান প্রমাণ হিসেবে ব্যবহার করে স্থানীয় থানায় একটি হত্যা মামলা দায়েরের কথা জানিয়েছে পরিবার।
ঘটনার পর উত্তরপ্রদেশের মুসলিম সম্প্রদায় ও মানবাধিকার কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় পুলিশের ওপর নিরপেক্ষ তদন্তের চাপ বেড়েছে। পুলিশ জানিয়েছে, অডিওটির সত্যতা যাচাই করা হচ্ছে এবং অভিযুক্তদের শনাক্ত করতে সহযাত্রীদের সঙ্গে কথা বলার প্রক্রিয়া শুরু হয়েছে।
সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস

