সর্বশেষ :
19 Oct 2026, Mon

ব্যাংককে একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে ১৬০ ফুট সিঙ্কহোল

ব্যাংককে একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে ১৬০ ফুট সিঙ্কহোল

 

ব্যাংকক: থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে একটি ব্যস্ত সড়কে হঠাৎ করে বিশাল আকারের গর্ত বা সিঙ্কহোল তৈরি হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল ৭টা ১৫ মিনিটের দিকে এই ঘটনা ঘটে। একটি প্রধান হাসপাতালের সামনের সড়কে প্রায় ৫০ মিটার (১৬০ ফুট) গভীর এই গর্ত তৈরি হয়, যার ফলে ওই এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এফপি সংবাদ সংস্থার সাংবাদিকরা জানিয়েছেন, পুলিশ স্টেশন এবং ভাজিরা হাসপাতালের সামনে একটি আবাসিক এলাকায় এই গর্ত তৈরি হয়েছে। ধসের কারণে বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে এবং ভেঙে যাওয়া পাইপ থেকে অনবরত পানি বের হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ এবং শহরের কর্মকর্তারা দ্রুত ছুটে এসে এলাকাটি ঘিরে ফেলেন। একটি ভিডিওতে দেখা গেছে, গর্তের একেবারে কিনারাতেই একটি পিকআপ ট্রাক বিপজ্জনকভাবে ঝুলে আছে।

ব্যাংককের দুর্যোগ প্রতিরোধ বিভাগের পরিচালক সুরিয়াচাই রাভিওয়ান জানান, “সম্প্রতি ভারি বৃষ্টির কারণে একটি পাইপ থেকে পানি লিক করছিল, যা ধীরে ধীরে মাটিকে ক্ষয় করে দিয়েছে। এর ফলেই এই ধস হয়েছে। তবে, সৌভাগ্যক্রমে এই ঘটনায় কেউ আহত হয়নি।” তিনি আরও বলেন, মাটির যে অংশটি সরে গেছে, তা একটি নির্মীয়মাণ সাবওয়ে স্টেশনের দিকে চলে গিয়েছিল, যা ধসের কারণ হয়েছে।

ধসে যাওয়া রাস্তাটি স্টেট-রান মাস র‍্যাপিড ট্রানজিট অথরিটির একটি আন্ডারগ্রাউন্ড প্রকল্পের অংশ। কর্তৃপক্ষ বর্তমানে এই ঘটনার প্রকৃত কারণ খতিয়ে দেখছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা সায়াম বুন্সম তাৎক্ষণিকভাবে আশেপাশের পুলিশ স্টেশন এবং অ্যাপার্টমেন্ট ব্লকগুলো খালি করার নির্দেশ দিয়েছেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, স্যামসেন রোডের নির্মাণ এলাকা থেকে মানুষ আতঙ্কিত হয়ে দৌড়াচ্ছে, কারণ রাস্তাটিতে ফাটল ধরে তা ভেঙে পড়ছে এবং গর্তটি দ্রুত পানি দিয়ে ভরে যাচ্ছে। ভাজিরা হাসপাতাল, যা থাইল্যান্ডের অন্যতম শীর্ষ চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান, তাদের ফেসবুক পেজে জানিয়েছে যে তারা সাময়িকভাবে পরিষেবা বন্ধ রেখেছে এবং যত দ্রুত সম্ভব তা আবার চালু করার চেষ্টা করবে। হাসপাতালের একজন ২৭ বছর বয়সী কর্মী, নোপ্রদেচ পিতপেং, জানান যে সকালে একটি বিকট শব্দ শুনে তিনি ভয় পেয়েছিলেন। তিনি বলেন, আমার পুরো ফ্ল্যাটটা কেঁপে উঠেছিল।

 

সূত্র : এএফপি

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *