বিজয়নগর (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের শীর্ষ সদস্য মুর্শিদ প্রকাশ মোরশেদ (৩৫)কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১১ এপ্রিল) রাত ১২টা ৩০ মিনিটে উপজেলার বুধন্তী ইউনিয়নের কেনা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বিজয়নগর থানাধীন ইসলামপুর পুলিশ ফাঁড়ির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে বুধন্তী ইউনিয়নের কেনা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে বাড়ির পাশের একটি ধানক্ষেত থেকে মোরশেদকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত মুর্শিদ প্রকাশ মোরশেদ উপজেলার কেনা গ্রামের চেনু মোল্লার ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, মোরশেদ দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে বিজয়নগর থানাসহ বিভিন্ন থানায় ডাকাতি, ডাকাতির প্রস্তুতি ও চুরিসহ মোট তিনটি মামলা রয়েছে। তিনি বিজ্ঞ আদালতের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি এবং ওই অঞ্চলের আন্তঃজেলা ডাকাত দলের অন্যতম সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
বিজয়নগর থানার পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

