দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামী দোহার পৌরসভা মহিলা বিভাগের উদ্যোগে ‘ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে শনিবার (১১ এপ্রিল) বিকেল ৩টায় আয়োজিত এ অনুষ্ঠানে দোহার থানা ও পৌরসভার প্রায় শতাধিক নেতৃবৃন্দ, রুকন, কর্মী ও শুভাকাঙ্ক্ষীরা অংশ নেন। উৎসবমুখর পরিবেশে মিলনমেলায় ঈদের আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানানো হয়।
দোহার পৌরসভা মহিলা বিভাগের সভানেত্রী রাশেদা আক্তারের সভাপতিত্বে এবং মাসুমা বিল্লাহর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিভাগের সভানেত্রী পারভীন আক্তার ও উপজেলা সেক্রেটারি আফরোজা বানুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে পারভীন আক্তার বলেন, “আমাদের প্রতিটি কাজ হতে হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে- পার্থিব কোনো প্রতিদানের আশায় নয়; বরং আখেরাতের মুক্তিই আমাদের মূল লক্ষ্য।” তিনি অপসংস্কৃতির বিরুদ্ধে ইসলামী সংস্কৃতির আলো ছড়িয়ে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি আফরোজা বানু বলেন, ঈদের প্রকৃত শিক্ষা হলো ভ্রাতৃত্ব, আত্মশুদ্ধি ও আল্লাহভীতি- যা সমাজের সর্বস্তরে ছড়িয়ে দিতে হবে।
অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে নারিশা ইউনিয়নের সেক্রেটারি আরিফা বিল্লাহর কণ্ঠে ঈদের গান এবং শহীদ শরিফ ওসমান বিন হাদীর স্মরণে পরিবেশনা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে। এছাড়া শিশুদের গীতি-আলেখ্য, হামদ, নাত ও দেশাত্মবোধক গান অনুষ্ঠানে বিশেষ মাত্রা যোগ করে।
সঞ্চালিকা মাসুমা বিল্লাহর স্বরচিত কবিতা আবৃত্তি ছিল অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ। উন্মুক্ত পরিবেশনায় অংশগ্রহণকারীরা কৌতুক, স্মৃতিচারণ ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি করেন।
অনুষ্ঠান শেষে সেরা পরিবেশকদের মাঝে আকর্ষণীয় উপহার প্রদান করা হয়। ইসলামী আদর্শ ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

