ছোটন বিশ্বাস (খাগড়াছড়ি): রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকের দুর্গম ভূয়াছড়ি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও মানবিক সহায়তা দিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বাঘাইহাট সেনা জোন-এর উদ্যোগে দুর্গম ভূয়াছড়ি এলাকার উন্নয়নে নৌঘাটে সিঁড়ি ও ক্লাবঘর নির্মাণের উদ্বোধন এবং এলাকার হতদরিদ্রদের মাঝে নতুন ঘর উপহার দেন বাঘাইহাট জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, দুর্গম এই এলাকার উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী আপনাদের পাশে রয়েছে এবং আগামীতেও থাকবে। পাহাড়ে শান্তি, সম্প্রীতি, শৃঙ্খলা ও উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই এলাকার উন্নয়নে আপনাদের সন্তানদের পড়ালেখার জন্য শিক্ষা উপকরণ থেকে শুরু করে রাস্তাঘাট, মন্দিরসহ যা যা প্রয়োজন আমাদের জানাবেন। আমরা আপনাদের এলাকার মানুষের জীবনমান উন্নয়নে সর্বাত্মক সহায়তা দিতে সবসময় পাশে আছি।
শেষে জোন কমান্ডার ভূয়াছড়ি চিল্লাতুলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপস্থিত থেকে এলাকার প্রায় শতাধিক শিক্ষার্থীর মাঝে স্কুল পোশাক, ব্যাগ ও শিক্ষা উপকরণ এবং ক্লাবের জন্য ক্রীড়া সামগ্রী বিতরণ করেন। একই সঙ্গে এলাকার শীতার্ত শতাধিক পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সেনাবাহিনীর প্রশংসনীয় উন্নয়নমূলক কার্যক্রম ও মানবিক সহায়তা পেয়ে উপকারভোগী পরিবার ও এলাকার মানুষ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এলাকার উন্নয়নে সেনাবাহিনী তাদের পাশে থাকবে- এমন প্রত্যাশা ব্যক্ত করেন।
এ সময় বাঘাইহাট জোনের উপ-অধিনায়ক মেজর মো. সালমান সিদ্দিকসহ বাঘাইহাট জোনের ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

