সর্বশেষ :
19 Oct 2026, Mon

বাগজানা ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ এর সমাপনী অনুষ্ঠিত

বাগজানা ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ এর সমাপনী অনুষ্ঠিত

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে ঈদুল আজহা উপলক্ষে বাগজানা ক্রিকেট প্রিমিয়ার লিগ-২৬ (সিজন-১) এর সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

প্রতিষ্ঠানটির ১৯৯৬-২০২৬ শিক্ষাবর্ষের প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত ১৬টি ক্রিকেট দল এ টুর্নামেন্টে অংশগ্রহণ করে। ঈদের দ্বিতীয় দিনে টুর্নামেন্টের উদ্বোধন হলেও তৃতীয় দিনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ২০১২ ব্যাচকে পরাজিত করে ২০২৪ ব্যাচ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টটি সীমিত ১০ ওভারের ম্যাচ হিসেবে অনুষ্ঠিত হয়।

ঈদ উপলক্ষে আয়োজিত এ ক্রিকেট টুর্নামেন্টটি বাগজানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের এক মিলনমেলায় পরিণত হয়। নিজেদের ব্যাচের খেলা উপভোগ ও উৎসাহ দেওয়ার পাশাপাশি দীর্ঘদিন পর ছোট-বড় সবার সঙ্গে দেখা-সাক্ষাৎ ও মতবিনিময়ের সুযোগ হয়। বর্তমানে কে কোথায় এবং কী অবস্থানে আছেন, সে সম্পর্কেও একে অপরের সঙ্গে তথ্য আদান-প্রদান করেন। এমন আয়োজন প্রতি বছর করার জন্য আয়োজক কমিটির প্রতি অনুরোধ জানান অনেকেই।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের মেধাবী প্রাক্তন শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম মেহেবুল। তিনি বর্তমানে সরকারের গণপূর্ত অধিদপ্তরের পরিচালক হিসেবে কর্মরত রয়েছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. নাজমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক মো. আওফের হোসাইন, সাবেক ব্যাংক কর্মকর্তা মো. মোহফেল হোসাইন, সিনিয়র সাংবাদিক বাবু দুলাল অধিকারী ও এহসানুল হক বাবুলসহ উভয় দলের খেলোয়াড়রা।

টুর্নামেন্টে অংশগ্রহণকারী বাগজানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীরা এমন একটি আয়োজনের জন্য আয়োজক কমিটিকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এর ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

আয়োজকরা জানান, বাগজানা স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং খেলাধুলার চর্চা উৎসাহিত করার লক্ষ্যে প্রথমবারের মতো এ প্রিমিয়ার লিগের আয়োজন করা হয়েছে। সবার সহযোগিতা অব্যাহত থাকলে ভবিষ্যতেও এমন উদ্যোগ গ্রহণ করা সম্ভব হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *