সর্বশেষ :
19 Oct 2026, Mon

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন

ফরিদপুর জেলা প্রতিনিধি: বর্তমান সরকারের ১৮০ দিন পূর্তি উপলক্ষে গৃহীত কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান। শনিবার (১৮ জুলাই) সকাল ১০টায় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং চিকিৎসাসেবার মান, ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম ও পরিচ্ছন্নতা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে সিভিল সার্জন হাসপাতালের ডেঙ্গু প্রতিরোধমূলক প্রস্তুতি, রোগীদের চিকিৎসাসেবা এবং সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতাল ও এর আশপাশের এলাকা সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশনা দেন এবং ডেঙ্গু মোকাবিলায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।

এ সময় তিনি বহির্বিভাগ ও অন্তর্বিভাগে চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলেন এবং ডেঙ্গু সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন পরামর্শ দেন। তিনি বলেন, এডিস মশার প্রজননস্থল হিসেবে পরিচিত ডাবের খোসা, পুরোনো টায়ার, ফুলের টব কিংবা যেকোনো স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ করতে হবে। পাশাপাশি দিনে ও রাতে মশারি ব্যবহার, ফুলহাতা পোশাক পরিধান এবং জ্বর দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার আহ্বান জানান।

ডা. মাহমুদুল হাসান হাসপাতালের ডেঙ্গু কর্নার সর্বদা প্রস্তুত রাখা, পর্যাপ্ত ডেঙ্গু পরীক্ষার কিট এবং প্রয়োজনীয় ওষুধ মজুত নিশ্চিত করার নির্দেশ দেন। পাশাপাশি তিনি হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের হাজিরা খাতা এবং বায়োমেট্রিক উপস্থিতি যাচাই করেন।

চিকিৎসকদের শতভাগ উপস্থিতিকে সন্তোষজনক উল্লেখ করে তিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

পরিদর্শনের অংশ হিসেবে সিভিল সার্জন হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ, অন্তর্বিভাগ এবং আবাসিক ভবন ঘুরে দেখেন। এ সময় তিনি চিকিৎসাধীন রোগীদের চিকিৎসাসেবা, সরকারি ওষুধ প্রাপ্তিসহ বিভিন্ন বিষয়ের খোঁজখবর নেন এবং হাসপাতাল প্রাঙ্গণ ও আবাসিক এলাকার পরিবেশ সবসময় পরিচ্ছন্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন।

উপস্থিত কর্মকর্তারা জানান, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে ধারাবাহিক কার্যক্রম অব্যাহত রয়েছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *