ঢাকা: দেশের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানিয়েছেন, বর্তমানে মজুত থাকা গ্যাস দিয়ে আগামী প্রায় ১২ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব। রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য দেন।
মন্ত্রী জানান, দেশে মোট উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ২৯.৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ২২.১১ ট্রিলিয়ন ঘনফুট উত্তোলন করা হয়েছে। ফলে ২০২৬ সালের ১ জানুয়ারি পর্যন্ত অবশিষ্ট রয়েছে ৭.৬৩ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস।
তিনি আরও বলেন, নতুন কোনো গ্যাসক্ষেত্র আবিষ্কার না হলে এবং বর্তমান হারে (প্রতিদিন প্রায় ১৭০০ মিলিয়ন ঘনফুট) সরবরাহ অব্যাহত থাকলে এই মজুত দিয়ে প্রায় ১২ বছর চাহিদা পূরণ করা যাবে।
গ্যাস অনুসন্ধান কার্যক্রমের বিষয়ে মন্ত্রী জানান, পেট্রোবাংলার মহাপরিকল্পনার আওতায় ৫০ থেকে ১০০টি কূপ খননের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ২৬টি কূপ খনন ও ওয়ার্কওভার সম্পন্ন হয়েছে এবং বাকি কাজ চলমান।
সাইসমিক জরিপের ক্ষেত্রে বাপেক্স ব্লক-৭ ও ৯-এ ৩৬০০ কিলোমিটার ২ডি ডাটা সংগ্রহ শেষ করেছে এবং তা প্রক্রিয়াধীন। পাশাপাশি বিজিএফসিএল হবিগঞ্জ, বাখরাবাদ ও মেঘনা এলাকায় ১৪৫০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক জরিপ শুরুর প্রস্তুতি নিচ্ছে। দেশের অন্যান্য এলাকাতেও বাপেক্স ও এসজিএফএল-এর মাধ্যমে আরও ৩ডি জরিপের পরিকল্পনা রয়েছে।

