ঢাকা: দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও অটোগ্যাসের দাম বাড়ানো হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) রোববার (১৯ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন দর রোববার সন্ধ্যা থেকেই কার্যকর হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম নির্ধারণ করা হয়েছে ১,৯৪০ টাকা, যা আগে ছিল ১,৭২৮ টাকা। অর্থাৎ, এক লাফে ২১২ টাকা বেড়েছে।
এছাড়া অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা আগে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা। ফলে প্রতি লিটারে দাম বেড়েছে ৯ টাকা ৭৩ পয়সা।
বিইআরসি জানায়, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি, হরমুজ প্রণালি সংকট, এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন, বিকল্প উৎস থেকে আমদানিতে অতিরিক্ত সময় ও জ্বালানি ব্যয়, পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচ বৃদ্ধির কারণে এই মূল্য সমন্বয় করা হয়েছে।

