সর্বশেষ :
19 Oct 2026, Mon

বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিলেন আপন ছোট ভাই

বড় ভাইয়ের হাতে ক্রেস্ট তুলে দিলেন আপন ছোট ভাই

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার সীমান্তবর্তী এলাকায় অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান বাগজানা দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়। ঈদুল আজহা উপলক্ষে প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীরা আয়োজন করেন বাগজানা স্কুল ক্রিকেট প্রিমিয়ার লিগ-২০২৬।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন এ শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন মেধাবী শিক্ষার্থী মো. আমিনুল ইসলাম মেহেবুল। তিনি বর্তমানে গণপূর্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) হিসেবে দায়িত্ব পালন করছেন। ঈদের ছুটি কাটাতে গ্রামের বাড়িতে এলে আয়োজক কমিটি তাঁকে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানায়।

টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠানে তিনি অন্যান্য অতিথিদের সঙ্গে বিজয়ী ও রানারআপ খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন। একই মঞ্চে এলাকার গণ্যমান্য ব্যক্তিদেরও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এরই এক পর্যায়ে গণপূর্ত অধিদপ্তরের মহাপরিচালক আমিনুল ইসলাম তাঁর আপন বড় ভাই মো. বাবুল হোসেনের হাতে সাবেক কৃতি ফুটবলার হিসেবে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

ছোট ভাইয়ের হাত থেকে প্রধান অতিথি হিসেবে বড় ভাইয়ের সম্মাননা গ্রহণের বিরল দৃশ্য দেখে উপস্থিত অতিথি ও দর্শকরা করতালিতে ফেটে পড়েন।

এলাকার একজন প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং একজন সাবেক কৃতি ফুটবলার—এমন দুই ভাইয়ের মধ্যে ক্রেস্ট বিনিময়ের এই দৃশ্য এলাকাজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। স্থানীয়দের ভাষ্য, এটি বাগজানার জন্য গর্বের এবং অনুকরণীয় একটি ঘটনা।

আমিনুল ইসলাম বলেন, এই বিদ্যালয়ের ছাত্র হিসেবে এ অনুষ্ঠানে এসে আমি আবেগাপ্লুত। এলাকার গণ্যমান্য ব্যক্তিদের পাশাপাশি বড় ভাইয়ের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দিতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। এমন স্মৃতি আমৃত্যু মনে থাকবে।

তিনি যুবসমাজের উদ্দেশে বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে এবং সুস্থ-সবল শরীর গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

সম্মাননা পেয়ে সাবেক ফুটবলার বাবুল হোসেন আবেগাপ্লুত হয়ে বলেন, ছোট ভাই দেশের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছে। জীবনে অনেক পুরস্কার গ্রহণ করেছি, কিন্তু আজকের এই সম্মাননা গ্রহণ আমার জীবনের অন্যতম সেরা মুহূর্ত।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগজানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মো. নাজমুল হক, অবসরপ্রাপ্ত শিক্ষক আওফের হোসেন, সাবেক ব্যাংক কর্মকর্তা মোহফেল হোসেন, সিনিয়র সাংবাদিক বাবু দুলাল অধিকারী এবং এহসানুল হক বাবুল। অনুষ্ঠানে উভয় দলের খেলোয়াড়দের মাঝেও ক্রেস্ট বিতরণ করেন বাগজানার গর্ব, গণপূর্ত অধিদপ্তরের এই কর্মকর্তা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *