মো. রাশেদুল ইসলাম (নাটোর): নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল বলেছেন, ‘ফ্যামিলি কার্ড একটি পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগ। সার্বজনীন প্রকল্প হিসেবে এ কার্ডটি পরিবারের নারী প্রতিনিধির নামে দেওয়া হবে। অবস্থানভেদে আমরা সবাই পাব। এ কার্ডের নির্দিষ্ট কোনো গ্রুপ থাকবে না। যাদের নামে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, তাদের অন্য কোনো কার্ড দেওয়া হবে না।’
আজ বেলা সাড়ে ১২টার দিকে নাটোর সার্কিট হাউসে জেলা পর্যায়ের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘এই মুহূর্তে স্কোরিংয়ের মাধ্যমে হতদরিদ্র, দরিদ্র ও নিম্নবিত্ত মানুষের কাছে কার্ড পৌঁছানো হবে। ক্রমান্বয়ে এটি মধ্যবিত্ত ও উচ্চবিত্তের কাছেও পৌঁছানো হবে। ঈদের আগে ১০ তারিখে এ প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। প্রকল্পটি সারা দেশে ১৪টি ইউনিটে কাজ শুরু করবে।’
প্রতিমন্ত্রী নাটোর সার্কিট হাউসে পৌঁছালে জেলা পুলিশের একটি চৌকস দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন ও জেলা পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওহাব। পরে নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠনের কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছা জানান।
সার্কিট হাউসে জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন নারী ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। এ সময় জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর তিনি সার্কিট হাউস থেকে নিজ নির্বাচনী এলাকা লালপুরে রওনা দেন। দুপুর ২টায় গৌরীপুর হাইস্কুল মাঠে প্রতিমন্ত্রীর সম্মানে আয়োজিত এক বিশাল গণসংবর্ধনায় যোগ দেওয়ার কথা রয়েছে তার।

