সর্বশেষ :
19 Oct 2026, Mon

ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী গ্রেফতার

ফরিদপুরের আলফাডাঙ্গায় কোটি টাকা মূল্যের কষ্টিপাথরের মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী গ্রেফতার

ফরিদপুর: ফরিদপুরের আলফাডাঙ্গায় প্রায় এক কোটি টাকা মূল্যের ১১৮ কেজি ওজনের একটি দুর্লভ প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তিসহ আন্তঃজেলা পাচারকারী চক্রের প্রধানকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। গ্রেফতারকৃত ব্যক্তি মো. আসাদুজ্জামান ওরফে সাদ্দাম শেখ (৩৫)। তিনি আলফাডাঙ্গা উপজেলার বুরাইচ গ্রামের বাসিন্দা।

র‌্যাব সূত্রে জানা গেছে, রোববার (১৮ জানুয়ারি) বিকাল আনুমানিক ৪টা ৪৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর সিপিসি-৩ ফরিদপুর ক্যাম্প আলফাডাঙ্গা থানাধীন বুরাইচ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‌্যাব জানায়, দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে পাচারের উদ্দেশ্যে মজুদ করে আসছিল। এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। অভিযানের সময় একটি প্রত্নতাত্ত্বিক কষ্টিপাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য এক কোটি টাকা। উদ্ধারকৃত মূর্তিটির ওজন ১১৮.৬০ কেজি এবং উচ্চতা ৪৯ ইঞ্চি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসাদুজ্জামান স্বীকার করেছেন যে, তিনি ও তার সহযোগীরা পরস্পর যোগসাজশে অবৈধভাবে কষ্টিপাথরের মূর্তি সংগ্রহ করে চোরাচালানের মাধ্যমে পাচার করতেন। র‌্যাব আরও জানায়, তার বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদক ও চুরি মামলাসহ মোট ৯টি মামলা রয়েছে এবং তিনি একটি মাদক মামলায় সাজাপ্রাপ্ত পলাতক আসামি।

আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব কর্তৃপক্ষ জানায়, শত শত বছর আগের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য বহনকারী কষ্টিপাথরের মূর্তি আমাদের ইতিহাস, সভ্যতা, ধর্মীয় বিশ্বাস ও শিল্পবোধের গুরুত্বপূর্ণ নিদর্শন। এসব প্রত্নসম্পদ সংরক্ষণ কেবল প্রশাসনিক দায়িত্ব নয়, বরং জাতির প্রতি একটি নৈতিক দায়বদ্ধতা।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *