সর্বশেষ :
20 Oct 2026, Tue

পেটের ভেতরে ২৯০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

পেটের ভেতরে ২৯০০ পিস ইয়াবাসহ র‌্যাবের হাতে আটক

ঢাকা: রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানাধীন কাজলারপাড় এলাকা থেকে আনুমানিক ৮ লক্ষ ৭০ হাজার টাকা মূল্যমানের ২৯০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)। পেটের ভেতরে বিশেষ পদ্ধতিতে বহন করা অবস্থায় ওই ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালনকারী র‌্যাব-এর নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার (৮ অক্টোবর) বিকাল ৪টা ১০ মিনিটের দিকে এই সফলতা অর্জন করা হয়।

 

র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকাল ৪টা ১০ মিনিটের দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজলারপাড় এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করে তল্লাশি শুরু করে। এ সময় হানিফ পরিবহণের একটি বাস থেকে মো. আয়াছ (৩২) নামে একজনকে সন্দেহজনকভাবে আটক করা হয়। আয়াছ কক্সবাজারের টেকনাফ থানার উত্তর নোয়াপড়ার বাসিন্দা। ব্যাপক জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আয়াছ স্বীকার করে যে, সে বিশেষ পদ্ধতিতে ইয়াবা ট্যাবলেট সেবন করে পেটের মধ্যে বহন করে নিয়ে যাচ্ছিল।

 

এরপর আসামি মো. আয়াছকে তাৎক্ষণিকভাবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয় এবং কর্তব্যরত চিকিৎসকের মাধ্যমে তার এক্স-রে করানো হয়। এক্স-রে রিপোর্টে আসামির পেটের মধ্যে বস্তু সদৃশ কিছু দেখা যায়।

পরে, বুধবার বিকাল ৫টা ১৫ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক ঔষধ প্রয়োগের মাধ্যমে বিশেষ পদ্ধতিতে মো. আয়াছকে মলত্যাগ করিয়ে সাদা সচ্ছ কসটেপ দ্বারা মোড়ানো এবং সাদা সচ্ছ জিপার ব্যাগে রক্ষিত ২৯০০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করেন। জব্দকৃত এই ইয়াবার আনুমানিক বাজার মূল্য ৮,৭০,০০০/- (আট লক্ষ সত্তর হাজার) টাকা।

 

র‌্যাব সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মো. আয়াছ একজন পেশাদার মাদক ব্যবসায়ী। সে বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল।

র‌্যাব-১০ দৃঢ়ভাবে জানায়, মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন ছাড়া সমাজে শান্তি ও উন্নয়ন সম্ভব নয়। মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে র‌্যাবের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *