ডেস্ক: পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর এক বড় অভিযানে নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই তালেবান পাকিস্তানের (টিটিপি) ১৭ জন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। নিরাপত্তা বাহিনীর সূত্র অনুযায়ী, গত শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাতে খাইবার পাখতুনখাওয়ার কারাক জেলার দর্শখেলের শাহ সেলিম থানার কাছে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে পাকিস্তান সেনাবাহিনীর ইউনিট, স্পেশাল সার্ভিস গ্রুপ (এসএসজি) এবং কাউন্টার টেররিজম বিভাগের (সিটিডি) সদস্যরা অংশ নেন।
কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে নিহত ১৭ জন সন্ত্রাসীর মধ্যে একজন বাংলাদেশি নাগরিক রয়েছেন। তার কাছ থেকে বাংলাদেশি পরিচয়পত্র ও টাকা উদ্ধার করা হয়েছে। তবে তার পূর্ণাঙ্গ পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। এই ঘটনা সীমান্তবর্তী অঞ্চলে বিদেশি নাগরিকদের, বিশেষ করে বাংলাদেশিদের, সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি সামনে এনেছে।
জানা যায়, এর আগে গত বুধবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলায় নিরাপত্তা বাহিনীর আরেকটি অভিযানে টিটিপির আরও ১৩ জন সদস্য নিহত হয়েছিলেন। সেই অভিযানেও দুই থেকে তিন জন বাংলাদেশি নিহত হন বলে জানিয়েছিল কর্তৃপক্ষ। স্থানীয় কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, নিহত বাংলাদেশিরা ধর্মীয় শিক্ষা নেওয়ার অজুহাতে আফগানিস্তানে প্রবেশ করে পরবর্তীতে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে জড়িয়ে পড়েছিলেন।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দুর্গম ওই অঞ্চলে মোল্লা নাজির গ্রুপের সদস্যরা লুকিয়ে আছে জানতে পেরে এই অভিযান পরিচালনা করা হয়। সীমান্তবর্তী ওই অঞ্চলে পাকিস্তানের তালেবানপন্থি গোষ্ঠী টিটিপি বেশ প্রভাবশালী।

