আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের মোলান বাজারে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) সকালে চক্ষু শিবিরের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, মোহাম্মদপুর আড়তদার সমবায় সমিতির সভাপতি এবং ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আইনুল হক মণ্ডল।
রংপুরের দর্শনার দীপ আই কেয়ার হাসপাতালের একদল বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসক এ শিবিরে এলাকার শত শত অসহায় ও দরিদ্র নারী-পুরুষকে বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ওষুধ ও ব্যবস্থাপত্র প্রদান করেন। বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা পেয়ে রোগীরা সন্তোষ প্রকাশ করেন।
চক্ষু শিবিরের সার্বিক আয়োজক মো. আইনুল হক মণ্ডল বলেন, চোখ আল্লাহর বড় নেয়ামত। গ্রামের অনেক মানুষ অর্থের অভাবে চোখের চিকিৎসা করাতে পারেন না। তাঁদের কথা চিন্তা করেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও আমার পক্ষ থেকে এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখব।
এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহেদুল ইসলাম রাব্বু, সহসভাপতি শাহ্ জালাল, সাংগঠনিক সম্পাদক মো. ইয়ামিন হোসেন, স্থানীয় বিএনপি নেতা রায়হান কবীর, যুবদল নেতা পিয়ার নবী ও ছাত্রদল নেতা মো. বায়েজিদ বোস্তামীসহ স্থানীয় নেতাকর্মীরা।

