আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবিতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা কাশপিয়া তাসরিন গ্রাম পুলিশদের দায়িত্ব পালনে দিকনির্দেশনা দেন। উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদে কর্মরত সকল গ্রাম পুলিশদের দিকনির্দেশনা দেওয়ার পাশাপাশি তাদের সঙ্গে পরিচিত হন তিনি।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে ইউএনও মহোদয়া গ্রাম পুলিশদের দায়িত্ব পালন বিষয়ক পরামর্শমূলক বক্তব্য দেন। প্রথমেই উপস্থিত সকল নারী-পুরুষ গ্রাম পুলিশ ইউএনও মহোদয়াকে গার্ড অব অনার প্রদান করে সালাম জানান।
সমাজে যখনই কোনো মন্দ ঘটনা ঘটবে, অতিদ্রুত বিষয়টি উপজেলা প্রশাসন বা থানা পুলিশকে অবহিত করার নির্দেশ দেন তিনি। এছাড়া বাল্যবিবাহ, চুরি-ছিনতাই, মাদক এবং মোবাইলে ক্যাসিনো জুয়া খেলার খবর পেলে নিজ উদ্যোগে এসব প্রতিহত করার পাশাপাশি স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার এবং প্রশাসনকে জানাতে বলেন তিনি।
আপনারা সততা ও নিষ্ঠার সঙ্গে সঠিকভাবে দায়িত্ব পালন করলে উপজেলাবাসী নিরাপদে বসবাস করতে পারবেন, এমনটাই আশা প্রকাশ করেন ইউএনও মহোদয়া।

