আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির বিভিন্ন এলাকায় প্রতিরাতে বেড়েই চলছে বাসাবাড়িতে চুরি। চোর চক্র প্রতিনিয়ত গরু-ছাগল, স্বর্ণালংকার, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছে। চোরেরা সংঘবদ্ধভাবে বাসাবাড়ির জানালার গ্রিল কেটে, কখনো বা সিঁধ কেটে চুরি করছে। সপ্তাহের মধ্যে উপজেলায় একই কায়দায় বেশ কয়েকটি চুরি সংঘটিত হয়েছে।
বাসাবাড়িতে চুরি বেড়ে যাওয়ায় জনমনে আতঙ্ক সৃষ্টি হয়েছে। পাশাপাশি অনেক পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে। স্বাবলম্বী হওয়ার আশায় অনেকেই এনজিও থেকে ঋণ নিয়ে গরু-ছাগল লালন-পালন করছেন। ঋণের টাকায় কেনা সেই সম্বলটুকু হারিয়ে অনেকেই পথে বসছেন।
গত রাতে পাঁচবিবি পৌরসভার নাকুরগাছীর লাভলু মন্ডলের গোয়ালঘরের সিঁধ কেটে দুটি হালের বলদ গরু চুরি হয়েছে। গরু দুটির বাজার মূল্য প্রায় দুই লক্ষ ত্রিশ হাজার টাকা। গরুগুলোই ছিল লাভলুর একমাত্র আয়ের উৎস। ভোর থেকে বিভিন্ন স্থানে খোঁজ করেও কোনো সন্ধান না পেয়ে লাভলু থানায় লিখিত অভিযোগ করেন।
এক সপ্তাহের মধ্যে পাটাবুকা সুইচগেট, ঢাকায় পট্টি, বাগজানার ভীমপুর, দমদমা, নন্দীগ্রাম এবং মঙ্গলবার রাতে নাকুরগাছীতে চুরি সংঘটিত হয়েছে।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজ মোঃ রায়হান চুরির বিষয়টি নিশ্চিত করে বলেন, চুরি হওয়া গরুগুলো উদ্ধারে পুলিশ সর্বাত্মক চেষ্টা করছে।

