পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার শ্রীমন্তপুর এলাকায় যৌথ অভিযান চালিয়ে মাদকসহ পিতা-পুত্রসহ তিনজনকে আটক করেছে বিজিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বুধবার রাতে জয়পুরহাট-২০ ব্যাটালিয়ন বিজিবি ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি যৌথ দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। এ সময় তাদের কাছ থেকে ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৯৪ পিস কুপিজেসিক ইনজেকশন জব্দ করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৩২ হাজার ৬০০ টাকা।
আটক ব্যক্তিরা হলেন- শ্রীমন্তপুর গ্রামের সাখাওয়াত হোসেন (৫৩), তাঁর ছেলে পলাশ হোসেন (২৮) এবং একই গ্রামের সাহান (২৫)।
জয়পুরহাট-২০ বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তিদের মাদকসহ পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

