সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ, ‘মাদক ছাড়ুন, নইলে এলাকা ছাড়ুন’ -ওসি তামবিরুল ইসলাম

পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ, ‘মাদক ছাড়ুন, নইলে এলাকা ছাড়ুন

আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা এবং মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় পৌরসভার টিএনটি খাদ্যগুদাম এলাকায় ‘নবজাগরণ সামাজিক সংগঠন’ এ সমাবেশের আয়োজন করে। সংগঠনের সভাপতি, সাবেক পুলিশ কর্মকর্তা ও বিশিষ্ট ব্যবসায়ী মো. মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. তামবিরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে ওসি তামবিরুল ইসলাম বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের জন্য মারাত্মক হুমকি। মাদকের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একার পক্ষে মাদক নির্মূল করা সম্ভব নয়। এজন্য পুলিশ প্রশাসনের পাশাপাশি স্থানীয় জনগণকেও এ কাজে এগিয়ে আসতে হবে।

মাদক ব্যবসায়ীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, পাঁচবিবিতে বসবাস করতে চাইলে মাদক ছাড়তে হবে। নইলে এলাকা ছাড়তে হবে। তবে কেউ যদি মাদক ব্যবসা ছেড়ে ভালো পথে আসতে চায়, থানা পুলিশ তাকে সার্বিক সহযোগিতা করবে।

সমাবেশে আয়োজক কমিটি এলাকা থেকে মাদক নির্মূলে পুলিশ প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে এলাকাবাসী মাদকমুক্ত পাঁচবিবি গড়তে পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন সাঈদ ইবনে আলী মাস্টার, মো. মোখলেছুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *