সর্বশেষ :
19 Oct 2026, Mon

পাঁচবিবিতে বাগান ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাঁচবিবিতে বাগান ভাঙচুরের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তঘেঁষা আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফুলবাগান ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। রাতের আঁধারে অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা বিদ্যালয়ের সামনে লাগানো বিভিন্ন ধরনের ফুল ও ফলের গাছ ভেঙে এবং উপড়ে ফেলে দেয়। শিশুদের স্বপ্নের ফুলবাগান নষ্ট করায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা বিদ্যালয় প্রাঙ্গণে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।

থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, গত রোববার রাতে বিদ্যালয়ের সামনে লাগানো ডালিম, জলপাই, পেয়ারা, আতা, জবা, গাঁদা, চেরি, গোলাপ, টগর ও পাতাবাহারসহ মোট ২৯টি ফুল ও ফলের গাছ ভেঙে ও উপড়ে ফেলে নষ্ট করা হয়। এছাড়া বাগানের গ্রিল খুলে নিয়ে যাওয়া হয় এবং বিদ্যালয়ের প্রতিটি রুমের তালা ভেঙে ফেলা হয়।

অষ্টম শ্রেণির একাধিক শিক্ষার্থী জানান, বিদ্যালয়ের চারদিকে বাউন্ডারি থাকা সত্ত্বেও স্কুল চলাকালীন সময়ে এলাকার কিছু ছেলে এখানে এসে খেলাধুলা করে এবং নানা ধরনের উত্যক্তমূলক কথা বলে। তারা আরও বলেন, আমাদের স্বপ্নের বাগান যেভাবে নষ্ট করা হয়েছে, আমরা এর সঠিক বিচার চাই।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. নাসরিন আকতার জানান, বিষয়টি উপজেলা শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। শিক্ষা অফিসের পরামর্শে তিনি ন্যায়বিচারের আশায় থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিয়ামুল হক বলেন, এ বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *