আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): “মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ, সবার আগে বাংলাদেশ” স্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবিতে উপজেলার স্কুল-কলেজের ক্ষুদে বিজ্ঞানী শিক্ষার্থীদের অংশগ্রহণে উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিমের আওতায় শুক্রবার সকালে উপজেলা পরিষদ হলরুমে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাশপিয়া তাসরিন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোছা. মাহমুদা খাতুন পপি, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. জহির রায়হান, মহীপুর সরকারি কলেজের প্রভাষক মো. সাইফুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সাইফুল ইসলাম ডালিম, পৌর বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আবু হাসনাত মণ্ডল হেলাল, জেলা ছাত্রদল নেতা এস এম তাহের এবং প্রেসক্লাবের সম্পাদক সজল কুমার দাসসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞান প্রকল্প, স্টার্টআপ আইডিয়া এবং ইনোভেশন প্রদর্শন করে। ক্ষুদে বিজ্ঞানীদের হাতে তৈরি বিভিন্ন প্রযুক্তিনির্ভর প্রকল্প ও উদ্ভাবন উপস্থিত অতিথি ও দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।
ইউএনও কাশপিয়া তাসরিন উপস্থিত সকলের উদ্দেশে বলেন, “বর্তমান সরকার স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থীদের বিজ্ঞানমনস্ক ও উদ্ভাবনী হিসেবে গড়ে তুলতে কাজ করছে। তাদের উদ্ভাবনী শক্তিকে উৎসাহিত করতেই আজকের এই আয়োজন। আজকের তরুণরাই আগামী দিনের উদ্যোক্তা ও বিজ্ঞানী হবে।” তিনি শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তা ও গবেষণামুখী কর্মকাণ্ডে আরও বেশি সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

