আকতার হোসেন বকুল, পাঁচবিবি (জয়পুরহাট): জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মহীপুরে আন্তঃমণ্ডলীয় খ্রিস্টীয় ফেলোশিপের আয়োজনে তিন দিনব্যাপী আত্মিক উদ্দীপনা ও বিশেষ আরোগ্যদায়ী প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে। মহীপুর মাওলানা ভাসানী উচ্চ বিদ্যালয় মাঠে ১ অক্টোবর বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এ প্রার্থনা সভা আগামী ৩ অক্টোবর শনিবার পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত এ প্রার্থনা সভা অনুষ্ঠিত হচ্ছে।
এন্ড্রু ও মাইকেলের নেতৃত্বে চার সদস্যের একটি কানাডীয় ধর্মীয় প্রতিনিধি দল এ প্রার্থনা সভায় অংশগ্রহণ করছে। এ সময় উপস্থিত ছিলেন এলসিসির সভাপতি মাথাই টুডু, উত্তরবঙ্গ শিশু উন্নয়ন প্রকল্পের ব্যবস্থাপক দিপালী রায়, হিসাবরক্ষক জেভিয়ার দাস, সমাজকর্মী সুনিল লাকড়া ও সাগেনা হাসদাসহ ছোট-বড় নারী-পুরুষসহ হাজার হাজার খ্রিস্টধর্মাবলম্বী ভক্ত।
আয়োজক কমিটির সদস্যরা বলেন, খ্রিস্টধর্মাবলম্বীদের আত্মিক উন্নতি, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ ও বিশ্বশান্তি কামনায় প্রতিবছর এ প্রার্থনা সভার আয়োজন করা হয়। এবারের সভায় বিভিন্ন এলাকা থেকে শত শত খ্রিস্টধর্মাবলম্বী ভক্ত অংশগ্রহণ করেছেন। তাঁরা প্রতিবছর এ ধরনের অনুষ্ঠান আয়োজনের আহ্বান জানান।
প্রার্থনা সভায় বিনামূল্যে লাকি কুপনের আয়োজন করা হয় এবং বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
এ ছাড়া প্রার্থনা সভায় দেশ ও জাতির মঙ্গল কামনায় উপস্থিত সবাই বিশেষ প্রার্থনায় অংশ নেন।

