বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পলাশবাড়ী থানা পুলিশ। বুধবার (১১ মার্চ) পলাশবাড়ী-গাইবান্ধা সড়কের ঠুটিয়াপাকুর (ইটভাটা সংলগ্ন) নামক স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত আনুমানিক আড়াইটার দিকে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর গড়েয়া ব্রিজের মাঝামাঝি সড়কে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
স্থানীয়দের ধারণা, মরদেহটি কোনো গাড়ির নিচে চাপা পড়ে অথবা অজ্ঞাতনামা কোনো বাস বা ট্রাকের চাকায় পিষ্ট হয়ে থাকতে পারে।
এ বিষয়ে পলাশবাড়ী থানার এসআই বাশার এই প্রতিবেদককে জানান, আমরা মরদেহটির পরিচয় শনাক্ত করার চেষ্টা করছি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি থানা পুলিশ।

