পলাশবাড়ী (গাইবান্ধা) : গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বৈরীহরিণমারী গ্রামের মৃত আবদুলের দুই ছেলে, আব্দুল কুদ্দুস মিয়া ও হাফিজার মিয়ার মধ্যে পারিবারিক জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
এ বিরোধের জের ধরে বুধবার (৬ নভেম্বর) আব্দুল কুদ্দুস মিয়া তাঁর সহোদর ভাই হাফিজার মিয়ার সঙ্গে ৭ নভেম্বর শুক্রবার জুমার নামাজের পর মারামারি করবেন বলে এলাকায় মাইকিং করে ঘোষণা দেন। বিষয়টি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন জনসাধারণ উদ্বেগ ও বিব্রতবোধ প্রকাশ করেন।
হঠাৎ করে এভাবে মাইকিং করে সংঘর্ষের ঘোষণা দেওয়ায় গ্রামজুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সম্ভাব্য অপ্রীতিকর ঘটনা এড়াতে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

