সর্বশেষ :
19 Oct 2026, Mon

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার

পলাশবাড়ীতে র‍্যাবের অভিযানে দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার

উত্তম কুমার সাহা (গাইবান্ধা): র‍্যাব-১৩ সিপিসি-৩ গাইবান্ধা ক্যাম্পের অভিযানে জেলার পলাশবাড়ী থেকে একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করা হয়েছে। ‘বাংলাদেশ আমার অহংকার’ এই মূলমন্ত্রকে সামনে রেখে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারসহ সন্ত্রাসমুক্ত সমাজ গড়তে র‍্যাবের প্রতিটি সদস্য সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র‍্যাব-১৩ নিয়মিতভাবে গোয়েন্দা কার্যক্রম পরিচালনা ও তথ্য সংগ্রহ করে থাকে এবং সে অনুযায়ী ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ জানুয়ারি রাত ২টা ৫ মিনিটের সময় র‍্যাব-১৩, সিপিসি-৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানাধীন গাইবান্ধা থেকে পলাশবাড়ীগামী সড়কের পাশে গড়েয়া ঈদগাহ মাঠ সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ঈদগাহের পশ্চিম পাশের ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান জব্দ করতে সক্ষম হয়।

র‍্যাব-১৩-এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সমাজের শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে এ ধরনের চলমান অভিযান ও র‍্যাব-১৩-এর গোয়েন্দা তৎপরতা আগামীতেও অব্যাহত থাকবে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *