বায়েজিদ, পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধার পলাশবাড়ীতে মাদককারবারিদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গ্রামবাসীর ঝাড়ু মিছিল, মানববন্ধন ও রাস্তা অবরোধ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে তুলসীঘাট-পলাশবাড়ী আঞ্চলিক সড়কের সার গুদামের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাধিক মাদক মামলার আসামি এবং এলাকায় ত্রাস সৃষ্টিকারী হিসেবে অভিযুক্ত মাদককারবারি দম্পতি- মোল্লাফ মন্ডল মিঠু ও তাঁর স্ত্রী হামিদা বেগমকে দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের বলরামপুর এবং গাইবান্ধা সদর উপজেলার সাহাপাড়া ইউনিয়নের পীরগাছা গ্রামের সাধারণ মানুষ।
মানববন্ধনে দুই গ্রামের বাসিন্দাদের পক্ষে বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মশিউর রহমান মিঠুন, জসিজার রহমান সঞ্জু, মিজানুর রহমান, সালাম নিয়াজ, নূর মোহাম্মদ প্রিন্স প্রমুখ।
বলরামপুর ও পীরগাছা গ্রামের সর্বস্তরের সচেতন জনগণের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকার শিক্ষক, ব্যবসায়ী, কৃষক, যুবসমাজ, শিশু-কিশোরসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বক্তারা বলেন, অভিযুক্ত এই দম্পতির বিরুদ্ধে একাধিক মাদক মামলা চলমান রয়েছে। তাঁদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা পরিচালনার পাশাপাশি ভূমিদস্যুতা, অবৈধভাবে জমি দখল, দাঙ্গাবাজি ও হয়রানিমূলক মামলা করার অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডে সাধারণ মানুষের জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে বলেও অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, মাদককারবারিদের এসব কর্মকাণ্ড এলাকার যুবসমাজকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে।
বক্তারা আরও বলেন, প্রশাসনকে অতিসত্বর অভিযুক্তদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। প্রশাসন যদি অনতিবিলম্বে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেয়, তাহলে আগামীতে আরও কঠোর গণআন্দোলন গড়ে তোলা হবে।

