সর্বশেষ :
20 Oct 2026, Tue

পলাশবাড়ীতে মর্মান্তিক ঘটনা: পিতা-মাতাকে হত্যাচেষ্টার অভিযোগে সন্তান আটক

পলাশবাড়ীতে মর্মান্তিক ঘটনা: পিতা-মাতাকে হত্যাচেষ্টার অভিযোগে সন্তান আটক, কালের বার্তা

পলাশবাড়ী (গাইবান্ধা): গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে এক চাঞ্চল্যকর ঘটনায় পিতা-মাতার ওপর নৃশংস হামলা চালানোর অভিযোগে একমাত্র পুত্র হাসানুর রহমান হাসু নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে পিতার গোপনাঙ্গে আঘাত ও মাতাকে গলা টিপে হত্যার চেষ্টার অভিযোগ রয়েছে।

গত শনিবার (৮ নভেম্বর) রাত ৯টার দিকে পারিবারিক কলহের জেরে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয়ে তুচ্ছ ঘটনার জেরে হাসানুর রহমান প্রথমে তার বৃদ্ধ পিতার ওপর ঝাঁপিয়ে পড়ে এবং পিতার গোপনাঙ্গে আঘাত করে। এতে তার পিতা গুরুতর জখম হন।

স্বামীকে বাঁচাতে মা এগিয়ে এলে ছেলে তাকেও গলা টিপে হত্যার চেষ্টা চালায়। পিতা-মাতার চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ছুটে এসে গুরুতর আহত দম্পতিকে উদ্ধার করে এবং বেপরোয়া ছেলে হাসানুর রহমানকে আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে পলাশবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাসানুর রহমানকে আটক করে। আহত দম্পতিকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনাটিকে ঘিরে উক্ত গ্রামে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা এই নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন। তারা বলছেন, যে ছেলে মায়ের গলা টিপে আর পিতাকে নির্দয়ভাবে মারধর করে, সে যেন আর সমাজে ফিরতে না পারে।

পলাশবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গণমাধ্যমকে জানান, ঘটনার তদন্ত চলছে। প্রাথমিকভাবে পারিবারিক বিরোধ থেকেই এমন নৃশংস ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *