সর্বশেষ :
20 Oct 2026, Tue

গোবিন্দগঞ্জে ‘হানি ট্র্যাপ’ প্রতারক চক্রের এক নারী সদস্য আটক

গোবিন্দগঞ্জে ‘হানি ট্র্যাপ’ প্রতারক চক্রের এক নারী সদস্য আটক, কালের বার্তা

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ‘হানি ট্র্যাপ’ প্রতারক চক্রের এক নারী সদস্য সনিয়া খাতুনকে আটক করেছে পুলিশ। রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় পৌরশহরের রাজমতি মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

জানা যায়, গত ২০ অক্টোবর সন্ধ্যায় শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বেলাল উদ্দিন নামের এক ব্যক্তিকে (২৫) বিয়ের প্রলোভনে ফাঁদে ফেলে প্রতারক চক্রটি। ভুক্তভোগী বেলাল উদ্দিন গোবিন্দগঞ্জের মাছহাটি এলাকার একটি কাজী অফিসে ১ লক্ষ টাকা দেনমোহর ধার্য করে সনিয়াকে নগদ ১০ হাজার টাকা বুঝিয়ে দেন। এরপর পোশাক ও কসমেটিকস কিনে পার্লারে সাজার কথা বলে সনিয়া খাতুন এই চক্রের অন্যান্য সদস্যদের সাথে চম্পট দেয়।

প্রতারণার শিকার বেলাল উদ্দিন অনেক খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পেয়ে ওই রাতেই গোবিন্দগঞ্জ থানায় একটি এজাহার দায়ের করেন।

ঘটনার ১৮ দিন পর রোববার (৮ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় জনগণ সনিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করে। খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এএসআই আব্দুর রাজ্জাক সঙ্গীয় নারী পুলিশ ফোর্সসহ পৌর এলাকা থেকে তাকে আনুষ্ঠানিকভাবে আটক করেন।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় ওই চক্রের অন্যান্য সদস্যদেরও দ্রুত আইনের আওতায় আনা হবে।

‘হানি ট্র্যাপ’ (Honey Trap) হলো একটি গোপন কৌশল, যেখানে ব্যক্তিগত বা আর্থিক উদ্দেশ্য পূরণের জন্য প্রলোভন বা যৌন সম্পর্ককে ব্যবহার করা হয়। এই কৌশলে সাধারণত একজন ব্যক্তি যৌন বা রোমান্টিক সম্পর্কের মাধ্যমে অন্য ব্যক্তির বিশ্বাস অর্জন করে এবং পরে সেই তথ্য বা সুবিধা হাতিয়ে নিয়ে প্রতারণা করে।

By barta24

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *