আতাউর রহমান কাজল (শ্রীমঙ্গল): সড়ক দুর্ঘটনা প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে “নিরাপদ সড়ক চাই” শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে শ্রীমঙ্গল থানায় শনিবার সকাল ১১টায় ফ্রি হেলমেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আয়োজিত এ কর্মসূচিতে মোটরসাইকেল চালকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এস কে জহিরুল ইসলাম মুন্না। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) শ্রীমঙ্গল উপজেলা শাখার আহ্বায়ক মো. নুরুল আলম সিদ্দিকীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সড়ক দুর্ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে। দুর্ঘটনায় প্রাণহানি কমাতে মোটরসাইকেল চালক ও আরোহীদের নিয়মিত হেলমেট ব্যবহার নিশ্চিত করা জরুরি।
তারা বলেন, নিরাপদ সড়ক গড়ে তুলতে শুধু আইন প্রয়োগই নয়, সাধারণ মানুষের সচেতনতা বৃদ্ধিও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
অনুষ্ঠানে বক্তারা সবাইকে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতিতে যানবাহন না চালানো এবং নিরাপত্তা সরঞ্জাম ব্যবহারে সচেতন হওয়ার আহ্বান জানান। পরে অংশগ্রহণকারীদের মাঝে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয়।

