পাঁচবিবি (জয়পুরহাট): জীবন-জীবিকার সন্ধানে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার রতনপুর (নদীপাড়) গ্রামের জহুরুল ইসলামের ছেলে মো. রনি বাবু (২৭) ঢাকায় যান। তিনি ঢাকার বাড্ডা থানাধীন গুলশান ভাটারা এলাকার নতুন বাজারে হাজারী গ্যারেজের একটি ব্যাটারিচালিত রিকশা চালাতেন।
গত ১১ জানুয়ারি রবিবার দুপুরে রনি বাবু গ্যারেজ থেকে রিকশা নিয়ে বের হন। প্রতিদিনের মতো নির্ধারিত সময় পার হলেও তিনি গ্যারেজে ফিরে না আসায় গ্যারেজ মালিকসহ তার সহকর্মীরা শহরের বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেন। পরদিন সোমবার রনির নিখোঁজের বিষয়টি পরিবারকে জানানো হলে তার বাবা-মা ছেলের সন্ধানে উদ্বিগ্ন হয়ে পড়েন।
স্থানীয়রা আশঙ্কা করছেন, ছিনতাইকারীরা রিকশা ছিনিয়ে নিতে পারে অথবা তাকে হত্যা করে গুম করা হয়ে থাকতে পারে- এমন নানা মন্তব্যে রনির পরিবার আরও বেশি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
কোনো সহৃদয় ব্যক্তি রনি বাবুর সন্ধান পেলে ০১৯৯৭-১৯২৩৭৮ নম্বরে যোগাযোগ করার জন্য তার বাবা জহুরুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

