ঢাকা: ঢাকার নিউমার্কেট এলাকায় গুলিতে নিহত হয়েছেন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। তিনি আরেক শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমনের শ্যালক বলে জানা গেছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌনে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাস সংলগ্ন বটতলায় মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা খুব কাছ থেকে ৫-৬ রাউন্ড গুলি করে তাকে হত্যা করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক রাত ৮টা ২৭ মিনিটে মৃত ঘোষণা করেন।
টিটন ২০০১ সালে সরকার ঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় ২ নম্বরে ছিলেন। পুলিশ জানায়, ঘটনাস্থলে সরাসরি কোনো সিসিটিভি না থাকলেও আশপাশের ফুটেজ সংগ্রহ করা হচ্ছে এবং প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সন্ত্রাসীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব থেকেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে।
পুলিশ সূত্রে জানা গেছে, টিটন ৯০-এর দশক থেকে অপরাধজগতে সক্রিয় ছিলেন এবং তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে। ২০০৪ সালে তিনি গ্রেপ্তার হন এবং এক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেও ২০২৪ সালে কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি পান।
স্থানীয়দের মতে, এক সময় টিটন ধানমন্ডি, রায়ের বাজার ও নিউমার্কেট এলাকায় ত্রাস হিসেবে পরিচিত ছিলেন।

