মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোরের বড়াইগ্রামে মালবাহী ট্রাকের ধাক্কায় একটি ব্যাটারিচালিত ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুই যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে নাটোর-পাবনা মহাসড়কের গোপালপুরের রাজাপুর সরকারের ঢালান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ইজিবাইকচালক রান্টু মিয়া (২৮), যাত্রী তলৈক্ষ্য হালদার (৬০) ও শিপন খান (২৪)।
রান্টু মিয়া উপজেলার গোপালপুর গড়মাটি গ্রামের তফেজউদ্দিন ঝড়ুর ছেলে, তলৈক্ষ্য হালদার পারগোপালপুর গ্রামের মৃত কৃপা হালদারের ছেলে এবং শিপন খান গড়মাটি খাঁপাড়া এলাকার চাঁদ আলী খানের ছেলে।
আহতদের মধ্যে একজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপরজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, চারজন যাত্রী নিয়ে ব্যাটারিচালিত ইজিবাইকটি রাজাপুর থেকে গড়মাটি বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। পথে সরকারের ঢালান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইকটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইজিবাইকচালক রান্টু মিয়া নিহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও দুই যাত্রী মারা যান।
তিনি আরও জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করেছে। তবে ট্রাকের চালক ও তাঁর সহকারী পালিয়ে গেছেন।

