দোহার (ঢাকা): ঢাকার দোহার উপজেলার খালপাড় কবরস্থানে লাশ দাফনের প্রস্তুতিকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চার যুবক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন উপজেলার ঘাটা এলাকার হৃদয় হোসেন (২০), মুস্তাক আহমেদ (১৯), সাইফুল ইসলাম (১৯) ও সিয়াম হোসেন (১৮)।
আহত হৃদয় হোসেন ও সাইফুল ইসলাম জানান, উপজেলার ঘাটা এলাকার এক নারী বৃহস্পতিবার ভোরে মারা যান। দুপুরে তাঁর লাশ দাফনের জন্য খালপাড় কবরস্থানে কবর খননের কাজ চলছিল। টানা বৃষ্টির কারণে কবর খননে বিঘ্ন সৃষ্টি হওয়ায় কবরটি ঢেকে রাখার উদ্দেশ্যে একটি বড় লোহার ফ্রেমে বাঁধা ত্রিপল আনার উদ্যোগ নেওয়া হয়।
এ সময় লোহার ফ্রেমটি বহন করার সময় অসাবধানতাবশত ওপর দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সঙ্গে সেটির সংস্পর্শ ঘটে। এতে মুহূর্তেই চার যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের চিকিৎসা দেন। গুরুতর আহত মুস্তাক আহমেদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অপর তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

