মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর শহরের দত্তপাড়া এলাকার রিভু ফিলিং স্টেশনের সামনে ট্রাক ও যাত্রীবাহী ভ্যানের মুখোমুখি সংঘর্ষে ভ্যানচালক নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত এক যাত্রীকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৫টার দিকে তিনিও মারা যান। শনিবার (১১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী ভ্যানের ওপর উঠে গেলে ঘটনাস্থলেই ভ্যানচালক নিহত হন। নিহত ভ্যানচালক নাটোর সদর উপজেলার অর্জুনপুর গ্রামের মাজম আলীর ছেলে তুমিজউদ্দিন (৪০)। এ সময় ভ্যানে থাকা অপর এক যাত্রী গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে নাটোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় আহত যাত্রী আসাদুল বিকেল ৫টার দিকে মারা যান। নিহত আসাদুল নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
দুর্ঘটনার পর ট্রাকের চালক ও হেলপার ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে স্থানীয়রা জানান।
ঝলমলিয়া হাইওয়ে পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শেখ মো. জাকির হোসেন জানান, দুর্ঘটনার পরপরই নিহত ভ্যানচালকের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরে তার পরিচয় শনাক্ত করা হয়। একইভাবে হাসপাতালে চিকিৎসাধীন আহত যাত্রীও পরে মারা যান। তিনি নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের দিয়ার সাতুলিয়া গ্রামের বাসিন্দা।
হাইওয়ে পুলিশ জানায়, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। পাশাপাশি ট্রাকটি শনাক্ত করে চালক ও হেলপারকে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

