মো. রাশেদুল ইসলাম (নাটোর): নাটোর সদর উপজেলার লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়নে অবৈধভাবে ভেকু (এস্কাভেটর) ব্যবহার করে পুকুর খননের বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। শুক্রবার (৫ জুন) রাতে এ অভিযান পরিচালনা করেন নাটোর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. ফরহাদ আহমেদ।
অভিযানকালে ঘটনাস্থলে সংশ্লিষ্ট কাউকে পাওয়া না গেলেও অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত ভেকুর দুটি ব্যাটারি ও বিভিন্ন যন্ত্রাংশ জব্দ করা হয়। একই সঙ্গে একটি ভেকু বিনষ্ট করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনায় আনসার ব্যাটালিয়নের চৌকস সদস্যবৃন্দ এবং উপজেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা সহযোগিতা করেন।
ভ্রাম্যমাণ আদালতের পক্ষ থেকে জানানো হয়, ফসলি জমি রক্ষা এবং অবৈধভাবে মাটি কাটার মতো পরিবেশ ও কৃষিবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। ফসলি জমি খনন করে যারা পুকুরে পরিণত করছে, তাদের বিরুদ্ধে তথ্য পাওয়ামাত্রই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

